২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ-২৯ মামলা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনের শুনানি শুরু

শেখ হাসিনার মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনের শুনানি বুধবার শুরু হয়েছে। আপিল বিভাগ নিু আদালতে এ মামলার বিচার কার্যক্রম একদিনের (বৃহস্পতিবারের) জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনের শুনানি বুধবার শুরু হয়েছে। আপিল বিভাগ নিু আদালতে এ মামলার বিচার কার্যক্রম একদিনের (বৃহস্পতিবারের) জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। প্রথম দিনের শুনানিতে শেখ হাসিনাসহ আপিলকারীদের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ নিু আদালতের কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। শেখ হাসিনার অন্যতম আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন এ মামলায় বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে নিু আদালতের ওই কার্যক্রম স্থগিত হয়ে যাবে। আপিলের আবেদনের শুনানিতে শেখ হাসিনার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বলেন, "মিগ-২৯ যুদ্ধবিমান কেনার বিষয়টি জনগুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে কোনো মামলা হতে পারে না। তিনি বলেন, "সব নিয়ম মেনেই মিগ-২৯ যুদ্ধ বিমান কেনা হয়েছে। শেখ হাসিনা এক্ষেত্রে কোনো অপরাধ করেননি।" মাহমুদুল ইসলাম আরও বলেন, "মামলাটি বাতিলের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে রায় দিয়েছিল তাতে সব বিষয়ের নিষ্পত্তি হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে কি না- এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি হাইকোর্ট। তাই মামলাটি বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি।" হাইকোর্ট গত বছরের ৬ সেপ্টেম্বর মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করার পর শেখ হাসিনা গত ৯ মার্চ ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেন। মামলার বাকি আসামিরাও একইভাবে আপিল করেন। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে অনিয়মের মাধ্যমে ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭শ' কোটি টাকা ক্ষতি হয়েছে। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন, সাবেক বিমানবাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাদ, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৯১৫ঘ.