ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ঐক্য প্রক্রিয়া নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য করেছেন দলের খোন্দকার দেলোয়ারপন্থী অংশের দুই নেতা আ স ম হান্নান শাহ ও রিজভী আহমেদ। 'খালেদা জিয়ার ডাকে' হান্নান শাহর নেওয়া ঐক্য প্রক্রিয়ায় খোন্দকার দেলোয়ারের সম্মতি আছে কি না তা নিয়ে বুধবার সাংবাদিকদের দুই রকম কথা বলেছেন তারা।
দেলোয়ারপন্থী বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেছেন, হান্নানের কথিত ঐক্য প্রক্রিয়ার বিষয়ে খোন্দকার দেলোয়ার কিছুই জানেন না। অন্যদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহ বলেছেন, খালেদার নির্দেশে খোন্দকার দেলোয়ারের সঙ্গে আলোচনা করেই ঐক্যের উদ্যোগ নিয়েছেন তিনি। ঐক্যের বিষয়ে সবাই সব কিছু জানেন না। রিজভী আহমেদ এ বিষয়ে অজ্ঞ।
দুপুরে রাজধানীর সেন্ট্রাল রোডের একটি বাসায় রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, "ঐক্য প্রক্রিয়ার যে কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে মহাসচিব (দেলোয়ার) কিছুই জানেন না। গত ২৯ অক্টোবর স্থায়ী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত বাতিল করার যে কথা মহাসচিব বলেছেন, সে অবস্থানেই তিনি অনঢ় রয়েছেন।"
খোন্দকার দেলোয়ার নাতিকে দেখতে সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক গেছেন জানিয়ে রিজভী বলেন, "মহাসচিব অসুস্থ। তার চিকিৎসা চলছে। সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরবেন তিনি।"
হান্নান শাহর নেওয়া ঐক্য প্রক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, "মহাসচিব এ বিষয়ে কিছুই জানেন না। দলে যারা বিপথগামী, ২৯ অক্টোবরের আগেই তাদের সিদ্ধান্ত পাল্টাতে হবে।''
রিজভীর ব্রিফিংয়ে সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক ছাত্র নেতা আসাদুল করিম শাহিন, হাবিবুন নবী খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু, মনির হোসেন, মহিউদ্দিন খান মোহন, জয়ন্ত কুমার কুণ্ডু, কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর মহাখালীর ডিওএইচএস এ নিজের বাসায় হ্ন্নাান শাহ সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার নির্দেশে মহাসচিবের (দেলোয়ার) সঙ্গে আলোচনা করেই ঐক্য প্রক্রিয়ার কাজ করছি। তিনি যখন দেশে ছিলেন, ঐক্য নিয়ে তার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমি ঐক্যের ব্যাপারে এখনও আশাবাদী।''
বিএনপিতে ঐক্যের ব্যাপারে নেওয়া উদ্যোগের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ''ঐক্য প্রক্রিয়ায় সময় লাগে। নেত্রীর নির্দেশে দলকে ঐক্যবদ্ধ করতে আমি কাজ শুরু করেছি। কাজ শুরুর আগে মহাসচিবের সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়েছে। কোন কোন বিষয়ে আলোচনা করা হবে, তা নিয়েও কথা হয়েছে। ঐক্যের জন্য যা করা প্রয়োজন তাই করছি।''
তিনি আরও বলেন, "মহাসচিব এখন দেশে নেই। গোপনীয়তার স্বার্থে টেলিফোনে তাকে সব কিছু জানানো যাচ্ছে না। এ ঐক্যের বিষয়টি এমন নয় যে ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাতে হবে।"
বিএনপির স্থায়ী কমিটি মনোনিত অস্থায়ী চেয়ারপারসন সাইফুর ঐক্যের ব্যাপারে আলোচনার জন্য 'চায়ের দাওয়াত' দিলে যাবেন কি না- এ প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, "সাইফুর রহমান সাহেবের বাসায় চায়ের দাওয়াত পেলে অবশ্যই যাব।"
এই ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে খোন্দকার দেলোয়ার কিছু জানেন না বলে রিজভী আহমেদ যে মন্তব্য করেছেন সে বিষয়ে হান্নান শাহ বলেন, ''ঐক্যের বিষয়ে সবাই সব কিছু জানেন না। রিজভী সাহেব এ বিষয়ে অজ্ঞ।''
গত ১ ফেব্র"য়ারি খালেদা জিয়া বিশেষ কারাগার থেকে তার আইনজীবী অ্যাডভোকেট মাহবুবউদ্দিন খোকনের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
এই ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে হান্নান শাহ গত শনিবার দলের স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী চেয়ারপারসন এম সাইফুর রহমানকে একটি চিঠি দেন। এতে গত ২৯ অক্টোবরের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হয়। কিন্তু সাইফুর রোববার সেই প্রস্তাব নাকচ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/ এমএ/১৭৪১ঘ.
bdnews24