২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার হত্যাচেষ্টার মামলায় অভিযোগ গঠন শুনানি বুধবার

শেখ হাসিনাকে বোমা মেরে হত্যাচেষ্টার মামলায় সাবেক সেনা কর্মকর্তা ফারুক ও বজলুল হুদাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা বুধবার। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ শুনানি হওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে বোমা মেরে হত্যাচেষ্টার মামলায় সাবেক সেনা কর্মকর্তা ফারুক ও বজলুল হুদাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা বুধবার। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ শুনানি হওয়ার কথা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এর আগে তিনটি ধার্য তারিখে আসামিদের হাজির করা হয়নি বলে শুনানির তারিখ পিছিয়ে যায়। ১৯৮৯ সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে 'হত্যার উদ্দেশ্যে' ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে চালানো বোমা হামলার ঘটনায় এ মামলাটি করা হয়। সে বছরের ১৯ আগস্ট ধানমন্ডি থানায় দায়ের করা এই মামলার অভিযোগপত্রভুক্ত ১৬ আসামির মধ্যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি সৈয়দ ফারুক রহমান (কর্নেল ফারুক) ও বজলুল হুদাসহ জর্জ মিয়া, গোলাম সারওয়ার, ফ্রিডম সোহেল ও শাজাহান বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া খন্দকার আব্দুর রশিদ (কর্নেল রশিদ), জব্বার আহম্মদ, নাজমুল মাকসুদ, রেজাউল করিম খান ও মো. হুমায়ুন কবীর পলাতক রয়েছেন। এ মামলায় জামিনে আছেন মিজানুর রহমান, হুমায়ুন কবির, খন্দকার আমিরুল ইসলাম ও গাজী ইমাম। মামলার অভিযোগপত্রভুক্ত অন্য আসামি গাজী লিয়াকত ওরফে কালা লিয়াকত মারা গেছেন। ১৯৯৭ সালে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তী কালে ২০০৭ সালের ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী ১৩৫ কার্যদিবসের মধ্যে এসব মামলার বিচার কাজ শেষ করতে হয়। এ ব্যাপারে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর পাবলিক প্রসিকিউটর শাহীন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু অভিযোগ গঠন শুনানিতে (চার্জ শুনানি) আসামিদের সশরীরে উপস্থিতি থাকতে হয় তাই কারা কর্তৃপক্ষ আবারও তাদের আদালতে হাজির করতে ব্যর্থ হলে মামলাটি যে উদ্দেশ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনা হয়েছিল তা ব্যাহত হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৯০৬ঘ.