২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রোডম্যাপ' অনুয়ায়ী সরকার কিছুই করতে পারেনি: তোফায়েল

'রোডম্যাপ' অনুযায়ী সরকার কিছুই করতে পারেনি অভিযোগ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেছেন, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হলেও সংশয় দূর করতে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। মঙ্গলবার আওয়ামী লীগ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমদ এ সব বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'রোডম্যাপ' অনুযায়ী সরকার কিছুই করতে পারেনি অভিযোগ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বলেছেন, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হলেও সংশয় দূর করতে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। মঙ্গলবার আওয়ামী লীগ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমদ এ সব বলেন। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে তার গুলশানের বাসায় অনুষ্ঠিত ওই দ্বিপক্ষীয় বৈঠকে দু'দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে জোট গঠনসহ নানা বিষয়ে দুই দলের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তোফায়েল আহমদ ও মুজাহিদুল ইসলাম সেলিম জানান, দু'দলেরই নীতি ও আদর্শে ভিন্নতা থাকলেও বেশিরভাগ বিষয়ে তারা একমত। জোট গঠনের প্রশ্নে মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, "জোট গঠনের বিষয়ে সিপিবি ও আওয়ামী লীগের অবস্থান আগের মতোই রয়েছে। তবে কমন ইস্যুতে আমরা যুগপৎভাবে কাজ করবো।" তবে তিনি গণফোরাম ও বিকল্পধারার সঙ্গে জোট গঠনের বিষয়কে অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছেন। এর আগে তোফায়েল আহমদ বলেন, "সংবিধানের ৫৮ ধারা অনুসারে এই সরকার শপথ নিয়েছে। ৫৮(গ) অনুসারে এই সরকারের কাজ হলো নির্বাচন করা। আমরা আশা করবো সরকার অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। অন্যসব কাজ বাদ দিয়ে সরকার নির্বাচনের কাজ চালিয়ে যাবে।" বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, "রোডম্যাপ অনুযায়ী সরকার কোনো কিছুই সফলতার সঙ্গে করতে পারেনি।" এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমদ যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে বলেন, "যুদ্ধাপরাধ, স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি উত্থানের সঙ্গে যেসব রাজনৈতিক দল জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।" নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার জন্য সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করারও আহবান জানানো হয় ওই বৈঠকে। একইসঙ্গে ট্রেড ইউনিয়ন অধিকার ফিরিয়ে দেওয়া এবং ফুলবাড়িয়া কয়লাখনিসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সরকারকে পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়। বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্যাহ ও সৈয়দ আশরাফুল ইসলাম। এ ছাড়া সিপিবি'র সভাপতি মঞ্জুরুল আহসান খান, শহীদুল্লাহ চৌধুরী, সৈয়দ আবু জাফর আহমদ, শামসুজ্জামান সেলিম, মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জিএনএ/১৪৪৭ ঘ.