২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ-২৯ মামলায় হাসিনার লিভ টু আপিলের শুনানি ১২ মার্চ

মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার দায়ের করা লিভ টু আপিলের ওপর আগামী ১২ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 05:52 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার দায়ের করা লিভ টু আপিলের ওপর আগামী ১২ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিনের আদালত সাবেক প্রধানমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির এ তারিখ ধার্য করেন। শেখ হাসিনার পক্ষে চেম্বার বিচারপতির আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ। শেখ হাসিনা গত ৯ মার্চ মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন। গত ৬ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিগ-২৯ দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার আবেদন খারিজ করে দেন। হাইকোর্টের এই রায় স্থগিতের জন্য শেখ হাসিনা আপিল বিভাগে আবেদন জানালে চেম্বার বিচারপতির আদালত গতবছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছিল। কিন্তু গতবছর ৩০ সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ওই স্থিতাবস্থার মেয়াদ আর বাড়ায়নি। এরপর থেকে নিম্ন আদালতে মিগ-২৯ যুদ্ধবিমান কেনা দুর্নীতি মামলার বিচার কার্যক্রম শুরু হয়। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮ টি মিগ-২৯ যুদ্ধবিমান কেনা সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনকে আসামী করা হয়। মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে ওই যুদ্ধ বিমান কিনে রাষ্ট্রের প্রায় ৭শ' কোটি টাকা ক্ষতি করা হয়েছে। ২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, এয়ার কমডোর (অবঃ) মীর্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরেরই মার্চ মাসে শেখ হাসিনা এ মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২৩৪২ঘ.