ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট নয়, এখন আলাদা আরেকটি জোট গঠনের লক্ষ্যে কাজ করছে জাতীয় পার্টি। এ নিয়ে কয়েকটি দলের সঙ্গে আলোচনাও হয়েছে। আর সংসদ নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন দাবি করেছে জাতীয় পার্টি।
সোমবার জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভা শেষে দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সাংবাদিকদের বলেন, "জাতীয় পার্টি সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চায়।"
মহাজোট ভাঙার দায় আওয়ামী লীগের ওপর চাপিয়ে এরশাদ বলেন, "এটা সত্যি, আমরা মহাজোটে ছিলাম। কিন্তু সেই জোট তারা ভেঙে দিয়েছে। ওই জোটের অস্তিত্ব আছে কি না, সন্দেহ আছে।"
তিনি বলেন, "এখন আমরা নিজেরাই জোট গঠন করতে যাচ্ছি। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে এ নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আরও কয়েকটি দলের সঙ্গেও কথাবার্তা চলছে।"
নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচন হবে বলে আশাবাদ প্রকাশ করেন এরশাদ। বাজার নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এরশাদের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, জি এম কাদের, ড. টি আই এম ফজলে রাব্বী, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, ফকির আশরাফ, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০৫ ঘ.
bdnews24