ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশের ঐক্যের ব্যাপারে হান্নান শাহের একটি চিঠি পাওয়ার কথা জানিয়ে দলের সংস্কারপন্থী অংশের নেতা সাইফুর রহমান বলেছেন, চিঠিতে বলা হয়েছে, ২৯ অক্টোবরের বৈঠকের সিদ্ধান্ত বাতিল করলে ঐক্য হতে পারে। কিন্তু ওই বৈঠকের সিদ্ধান্ত বাতিল করা সম্ভব নয়।
রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসির সঙ্গে বৈঠকের পর সাইফুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, '' হান্নান শাহ কাল ( শনিবার) আমার কাছে একটি চিঠি দিয়েছেন। তিনি ওই চিঠিতে বলেছেন, ২৯ তারিখের সভার সিদ্ধান্ত বাতিল করা হলে ঐক্য হবে। কিন্তু ২৯ তারিখের সভা বাতিল করলে আর আলোচনা করার দরকার কী? ওই সভাটি ছিল আমাদের কারাবন্দি নেত্রীর অনুপস্থিতিতে দল কিভাবে চলবে,তার দিক-নির্দেশনা ঠিক করা।''
তিনি বলেন,''চিঠিতে কীভাবে দল চলবে, দলের সংস্কার কীভাবে হবে, তার কিছুরই উল্লেখ নেই।''
বিএনপির স্থায়ী কমিটির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমান বলেন, "খোন্দকার দেলোয়ারকে আমি অনেকবার টেলিফোন করেছি। তিনি কোন কথা বলেন না। তাহলে তাদের সঙ্গে কীভাবে ঐক্য হবে।"
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হান্নান শাহর চিঠির বিষয়ে খোন্দকার দেলোয়ারপন্থী অংশের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়কে জিজ্ঞেস করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চিঠির বিষয়ে জানি না। ঐক্যের বিয়য়ে একটা খসড়া তৈরি হয়েছে, এটা জানি। তাতে বলা হয়েছে, ২৯ তারিখের বৈঠকের আগের অবস্থায় দলকে নিয়ে ঐক্য করা হবে। কারণ চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমতি ছাড়া স্থায়ী কমিটির যে বৈঠকটি ২৯ অক্টোবর হয়েছিল, তা গঠনতন্ত্র অনুযায়ী বৈধ নয়। এটা তো মানতে হবে।''
গত বছরের ২৯ অক্টোবর দলের স্থায়ী কমিটির ওই বৈঠকে সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১৫১ ঘ.
bdnews24