২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে জিল্লুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা

দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে রোববার ৭৯তম জন্মদিন পালন করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। ১৯২৯ সালের ৯ মার্চ প্রবীণ এ রাজনীতিবিদের জন্ম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে রোববার ৭৯তম জন্মদিন পালন করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। ১৯২৯ সালের ৯ মার্চ প্রবীণ এ রাজনীতিবিদের জন্ম। জন্মদিনের শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা রোববার সকালে জিল্লুর রহমানের বাসায় যান। ওই সময় জিল্লুর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধূরী ও কাজী জাফরউল্যাহ। দলের কেন্দ্রীয় বিভাগীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং যুব মহিলা লীগও ফুলেল শুভেচ্ছা জানায় জিল্লুর রহমানকে। দুপুরে জিল্লুর রহমানকে টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। ভারপ্রাপ্ত সভাপতির জন্মদিন উপলক্ষে সকাল থেকেই জিল্লুর রহমানের গুলশানের বাসায় ছিল আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভিড়। জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরব থেকে জিল্লুর রহমান ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালের নির্বাচনেও তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রিও নেন। ছাত্রজীবন থেকেই জিল্লুর রহমান রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনের সময় বৃহত্তর ময়মনসিংহ জেলার নির্বাচন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। ১৯৭২ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। পরবর্তীকালে ১৯৯১ সালে তিনি পুনরায় দলের সাধারণ সম্পাদক হন এবং ২০০২ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ২০০১ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান জিল্লুর রহমান। একই সময়ে সংসদ উপনেতার দায়িত্বও পালন করেন তিনি। গত বছর শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। দেশের বিশিষ্ট নারীনেত্রী আইভি রহমান ছিলেন তার স্ত্রী। আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর মারা যান। জিল্লুর-আইভি দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬০৮ ঘ.