ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, "আদালতে আমার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের আসতে না দেওয়ায় আবারও প্রমাণ হলো যে এটা ক্যামেরা ট্রায়াল।"
রোববার সকালে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আাদালত-১ এর এজলাসে ঢুকেই আইনজীবীদের এ কথা বলেন হাসিনা।
আদালতে হাসিনা বলেন, "আমি আগেই আশঙ্কা করেছিলাম, এখানে ন্যায় বিচার পাব না। আজ আমার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের আদালতে আসাতে বাধা দেওয়ায় সেটা আবারও প্রমাণিত হলো।"
এর আগে সকাল ৯টার দিকে শেখ হাসিনার মামা শেখ আকরাম হোসেন, মামাতো বোন শেখ মিলি, খালাতো বোন শেখ সুলতানা রেখা, দুই ফুফাতো বোন ডলি ও পলি, ড. এম ওয়াজেদ মিয়ার ছোট বোন আনোয়ারা বেগম ও বড় ভাবি জহুরা খালেকসহ বেশ কয়েকজন আত্মীয় আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। ভেতরে ঢুকতে না পেরে সংসদ ভবনের ১ নম্বর এলডি হলের প্রধান প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে থাকেন তারা।
ওই সময় শেখ হাসিনাকে নিয়ে একটি গাড়ি বহর আদালতের দিকে যাচ্ছিল। আত্মীয়দের দেখে গাড়ির ভেতর থেকে হাত নাড়েন হাসিনা।
পরে বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরুর পর তার আইনজীবীরা পুলিশের বাধার ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে বিচারক মো. ফিরোজ আলম বলেন, "আত্মীয়-স্বজনের এখানে আসতে বাধা নেই। তবে নিরাপত্তাজনিত কোনো বিষয় থাকলে সে ব্যাপারে আমি কিছু বলতে পারব না।"
হাসিনার যেসব আত্মীয় তার সঙ্গে দেখা করতে চান ব্যারিস্টার সফিক আহমেদকে তাদের একটি তালিকা দিতে বলেন বিচারক।
১২টার দিকে বিচারক এজলাস ত্যাগ করার পর আইনজীবীর দেওয়া তালিকা অনুযায়ী ৭/৮ জন আত্মীয়-স্বজন শেখ হাসিনার সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা বলেন।
হাসিনার সঙ্গে দেখা করার পর অ্যাডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আবারও দাবি জানিয়েছেন।"
তিনি বলেন, "শেখ হাসিনার অবস্থা খুবই খারাপ। তার নতুন করে অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। তিনি সমস্যার কথা বললেও তার চিকিৎসকদের বিশেষ কারাগারে ডাকা হয় না। এখনি কানের চিকিৎসা না করালে তার শ্রবণশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।"
ব্যারিস্টার সফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "সকালে কাঠগড়ায় দাঁড়ানোর আগে শেখ হাসিনা আমাদের বলেছেন, তিনি খুবই অসুস্থ। আজ আদালতে আসার মতো মানসিক প্রস্তুতি তার ছিল না। কিন্তু তারপরও তাকে আদালতে নিয়ে আসা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএ/১৬৪০ঘ.
bdnews24