ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি রোববার শুরু হয়েছে।
এদিন রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি এবিএম শরফুদ্দীন আহমেদ মুকুল আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন। আগামী ১৩ মার্চ আসামিপক্ষ শুনানিতে অংশ নেবেন। (বিস্তারিত)
আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, ওই দিন তারা শেখ হাসিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানাবেন।
সকাল ১০ টা ২২ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে হাজির করা হয়।
শুনানি শুরু হওয়ার আগে আসামি পক্ষের আইনজীবীরা হাসিনার অসুস্থতার বিষয়টি বিবেচনায় এনে অভিযোগ গঠনের শুনানি কয়েকদিনের জন্য মুলতবি করার আবেদন জানান।
এর জবাবে বিচারক বলেন,"আসামি যদি বেশি অসুস্থবোধ করেন, তাহলে উনি চলে যান। আপনারা শুনানি করুন। মামলা শেষ করার জন্য আমার প্রতি সময় বেঁধে দেওয়া আছে। আজ শুনানি শুরু করতেই হবে।"
শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের কাছে অভিযোগ তুলে ধরে বলেন, আসামিদের অপরাধ প্রমাণ করার মত যথেষ্ট তথ্য-প্রমাণ তাদের হাতে রয়েছে। সুতরাং অভিযোগ গঠন করে মামলার বিচার কাজ শুরু করা হোক।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, আসামি শেখ হাসিনা খুলনা, শিকলবাহা ও হরিপুর ভাসমান (বার্জ মাউন্টেড) বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামের স্থানীয় প্রতিনিধি সামিট গ্র"প ও ইউনাইটেড গ্রুপের কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নিয়েছেন।
তারা বলেন, ওইসব বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিু দরদাতা হলেও তাদের কাজটি দেওয়া হয়নি। আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলাকে এই প্রকল্পের কাজ দেওয়ার পাশাপাশি তাদের তেল আমদানির সুযোগ দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের ব্যবস্থাও করে দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, এই দুর্নীতিতে শেখ হাসিনাকে সহায়তা করেন তখনকার বিদ্যুৎ সচিব ড. তৌফিক-ই-এলাহী। তিনি দরদাতাদের সঙ্গে সমঝোতা করেন। শেখ হাসিনার নির্দেশ ও বিদ্যুৎ সচিবের চাপে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তখনকার চেয়ারম্যান নূর উদ্দিন মাহমুদ কামাল ওয়ার্টসিলার সঙ্গে চুক্তির ব্যবস্থা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, শেখ হাসিনাকে ১৯৯৬ সালের ২৪ অক্টোবর থেকে ১৯৯৭ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে আমেরিকান এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড চাটার্ড, ইস্টার্ন, ঢাকা, আরব বাংলাদেশ ও এএনজেড গ্রিনলেজ ব্যাংকের মোট আটটি চেক ও পে-অর্ডারের মাধ্যমে ওই তিন কোটি টাকা দেওয়া হয়।
আইনজীবীরা বলেন, ওই টাকা দিয়ে শেখ হাসিনা ১৯৯৭ সালের ৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ধানমন্ডি ৩২ নম্বর (পুরাতন) সড়কে একটি দোতলা বাড়িসহ প্রায় ১৯ কাঠার একটি জমি কেনেন। এর একদিন আগে সামিট গ্র"প ও ইউনাইটেড গ্র"পের মালিকরা এক কোটি ৪৫ লাখ টাকা ও ৮ অক্টোবর ৫৫ লাখ টাকা চেক/পে অর্ডারের মাধ্যমে ওই জমির মালিককে দেন।
এই টাকা দেওয়ার পর শেখ হাসিনা ১১ অক্টোবর ওয়ার্টসিলার প্রকল্প প্রস্তাব অনুমোদন করেন বলে অভিযোগ করা হয়। ১৬ অক্টোবর ওয়ার্টসিলা ও এর স্থানীয় দুই গ্র"পের সমন্বয়ে গঠিত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর হয়। এরপর ওই বছরের ২৪ নভেম্বর ধানমন্ডির ওই জমির দাম হিসাবে মালিককে আরো এক কোটি টাকা চেক/পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হয়।
২৬ ফেব্র"য়ারি এ মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত।
গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/আরএ/এসকে/১৫৩৩ ঘ.
bdnews24