ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিএনপি সরকার আমলের জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান এক আলোচনাসভায় মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে হচ্ছে ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ নামের এক প্রতিষ্ঠান আয়োজিত '৩৭ বছরের বাংলাদেশ ও জাতি বিভক্তির রাজনীতি' শীর্ষক আলোচনায় উল্লিখিত অভিমত ব্যক্ত করেন মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমান বলেন, "একটি নির্বাচিত সরকার কখনো দেশের স্বার্থ বিকিয়ে দেয় না। জনগণের কাছে তাদের দায়বোধ আছে। অনির্বাচিত সরকারের সে দায়বোধ নেই।''
তিনি অভিযোগ করে বলেন, ''সরকার দুর্নীতি দমনে সাহসী উদ্যোগ নিয়েছেন। তবে দুর্নীতি দমনে কমিশন নিজেই আইন মানছে না। এটাও দুর্নীতির শামিল।''
আমেরিকার হরকাতুল জিহাদকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার ব্যাপারে তিনি বলেন, "পরাশক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের সুযোগসন্ধানীরা দেশবিরোধী প্রচারণা চালাচ্ছেন। এদেশে বিশেষ একটি সমাজের সৃষ্টি হয়েছে যারা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের দালাল হিসেবে কাজ করছেন।''
বিএনপি'র ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ বলেন, "নিজেদের স্বার্থে পশ্চিমা শক্তি অন্য দেশ ও জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে। বাংলাদেশেও এখন জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টির জোর প্রচেষ্টা চলছে।''
সভাপতির বক্তব্যে সাংবাদিক আমানুল্লাহ কবীর বলেন, "দেশকে এগিয়ে নিতে এখন তিনটি শক্তির ঐক্য প্রয়োজন। দলমত নির্বিশেষে দেশের জাতীয়তাবাদী শক্তি, জাতীয় বুর্জোয়া পুঁজি ও সুশৃঙ্খল দেশপ্রেমিক সামরিক বাহিনীর ঐক্য ছাড়া এদেশকে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই।"
মুসলিমবিরোধী প্রচারণার প্রতিক্রিয়াই আজকের অতিধার্মিকতা-এ মন্তব্য করে তিনি বলেন, বুদ্ধিভিত্তিক কৌশলই ইসলাম ও জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করতে পারে ।
আয়োজক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাদেক রহমানের সঞ্চালনে বৈঠকে আরো বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খান, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, কবি রেজাউদ্দিন স্টালিন, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, ড.হেদায়েত হোসেন, রইসউদ্দিন আরিফ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২১১৯ঘ.
bdnews24