নোয়াখালী, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও হত্যা প্রচেষ্টার মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা ও যুবদল সভাপতি বরকত উল্যা বুলুসহ বিএনপির আট নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
বৃহস্পতিবার নোয়াখালীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের হাকিম আবদুল হাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন- বিএনপি নেতা নাটেশ্বর ইউপি চেয়ারম্যান নুরুল আমিন স্বপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাকায়েত উল্যা সাকু, স্থানীয় বিএনপি নেতা বিডিআর কালাম শাহ জালাল, ফরিদ আহমেদ, রিপন, টিপু, বাবুল।
মামলার তদন্ত কর্মকর্তা কাউছার আহমেদ চৌধুরী জানান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর গত বছর ৩ নভেম্বর নাটেশ্বর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কামাল পাশা চাঁদাবাজি ও তাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে বরকত উল্যা বুলুসহ ৯ জনকে আসামি করে সোনাইমুড়ি থানায় মামলা দায়ের করেন।
এদের মধ্যে চেয়ারম্যান নুরুল আমিন স্বপন আদালত থেকে জামিন নিলেও অন্যরা আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঞাকে দায়িত্ব দেওয়া হলেও তিনি প্রশিক্ষণে যাওয়ায় ওই সময় কোর্ট পরিদর্শকের দায়িত্ব পালনকারী কাউছার আহমেদ চৌধুরীকে মামলার তদন্তভার দেওয়া হয়।
৩০ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24