২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনের কোনো তারিখ দিইনি: আনোয়ারুল ইকবাল

স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, উপজেলা নির্বাচনের বিষয়ে বুধবার খুলনায় তার বক্তব্য ছিল- নির্বাচন কমিশন চাইলে মে মাসেই একশ উপজেলায় নির্বাচন করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, উপজেলা নির্বাচনের বিষয়ে বুধবার খুলনায় তার বক্তব্য ছিল- নির্বাচন কমিশন চাইলে মে মাসেই একশ উপজেলায় নির্বাচন করতে পারবে। মে মাসেই একশ উপজেলায় নির্বাচন- স্থানীয় সরকার উপদেষ্টাকে উদ্ধৃত করে এমন তথ্য বুধ ও বৃহস্পতিবার গণমাধ্যমে প্রচারিত হয়। এ বিষয়ে নিজেদের 'অজ্ঞতার' কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সরকারি পরিকল্পনা সম্পর্কে কমিশন কিছুই জানে না। এ সম্পর্কে বৃহস্পতিবার রাতে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, বুধবার খুলনায় তিনি উপজেলা নির্বাচনের কোনো সময়সীমা ঘোষণা করেননি। তিনি বলেন, "আমি বলেছিলাম, নির্বাচন কমিশন চাইলে একশ উপজেলায় নির্বাচন করতে পারবে। এরই মধ্যে ৮০ উপজেলায় ভোটার তালিকার কাজ শেষ হয়েছে। এ মাসে আরও ২০টির কাজ শেষ হবে। তারা ইচ্ছে করলে একশ উপজেলায় নির্বাচনের ব্যবস্থা করতে পারে। তবে এর আগে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষমতা ইসিকে দেওয়ার বিষয়ে অধ্যাদেশ জারি করতে হবে। এটি এখনো জারি করা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এসএনডি/এসকে/২০৪০ঘ.