২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"২১ আগস্টের মামলায় শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে"

আওয়ামী লীগের জনসভায় ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় শিগগিরই অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ আবদুর রশীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 02:14 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের জনসভায় ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় শিগগিরই অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ আবদুর রশীদ। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, মুফতি আব্দুর রউফ ও সর্বশেষ গ্রেপ্তারকৃত আবু জান্দালের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগপত্র দেবে তদন্তকারী কর্তৃপক্ষ। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলার তদন্ত করছে। আবদুর রশীদ বলেন, ২০০৫ সালে মুফতি হান্নান গ্রেপ্তার হওয়ার পর এ মামলার মোড় ঘুরে যায়। পরে মুফতি আবদুর রউফ ও সর্বশেষ আবু জান্দালকে গ্রেপ্তারের পর ঘটনার সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। অতিরিক্ত সচিব বলেন, ওই তিনজন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী পরিচালনা করে আসছিল। ২০০৫ সালে হরকাতুল জিহাদকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরণের কোনো সংগঠন মাথা চাড়া দিলে অথবা তৎপরতা চালালে সরকার তাদের কঠোর হাতে দমন করবে। বর্তমানে দেশে হরকাতুল জিহাদের কোনো তৎপরতা নেই বলেও দাবি করেন তিনি। জঙ্গিদের সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "এ ধরনের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।" মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার উপ-সচিব জাবেদ আহমেদ ও সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন মিঞা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/২০১০ঘ.