২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীসহ কয়েকটি ইস্যুতে বিকল্পধারা ও সিপিবির মতৈক্য

ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে মতৈক্য সৃষ্টি ও যুদ্ধাপরাধীর বিচারের দাবিসহ কয়েকটি ইস্যুতে একসঙ্গে কাজ করবে বিকল্পধারা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে মতৈক্য সৃষ্টি ও যুদ্ধাপরাধীর বিচারের দাবিসহ কয়েকটি ইস্যুতে একসঙ্গে কাজ করবে বিকল্পধারা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে দু'দলের বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী ও সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদ নির্বাচন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ, দ্রব্যমূল্য পরিস্থিতি, দুর্নীতিবিরোধী অভিযান ও যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। মনজুরুল আহসান খান সাংবাদিকদের বলেন, "বিকল্পধারার সঙ্গে আমাদের মতের পার্থক্য থাকলেও কিছু কিছু বিষয়ে যথেষ্ট মিল রয়েছে। এরকম সংলাপ আমরা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও করব।" বি চৌধুরী বলেন, "সঙ্কট থেকে উত্তরণে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছি। সিপিবির সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। এ বৈঠকের উদ্দেশ্য গণতান্ত্রিক শক্তিকে সক্রিয় করে সঙ্কট উত্তরণের পথ অনুসন্ধান করা।" সিপিবির সঙ্গে এ ধরনের বৈঠক আরও হবে জানিয়ে বি চৌধুরী বলেন, "দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকারকে উদ্যোগী হতে হবে। এজন্য প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সরকারের সংলাপ হতে পারে।" বৈঠকে সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতিমণ্ডলীর সদস্য শহীদুল্লাহ চৌধুরী, শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় নেতা আহসান হাবিব লাবলু, লীনা চক্রবর্তী ও রুহিন হোসেন প্রিন্স এবং বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, সভাপতিমণ্ডলীর সদস্য আরশাদ-উজ জামান, জয়নাল আবেদীন খান, কেন্দ্রীয় নেতা সাজু কামাল, শাহ আহমেদ বাদল, কাজী কামাল ও মাহবুব আলী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/১৮১৯ঘ.