২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরকাতুল জিহাদকে সন্ত্রাসী সংগঠন তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধঘোষিত চরমপন্থী ইসলামি সংগঠন হরকাতুল জিহাদকে (হুজি) সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্র সরকার এ ঘোষণা দেয়। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস হরকাত-উল-জিহাদ-ই-ইসলামি/বাংলাদেশকে (হরকাতুল জিহাদ) একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং একটি বিশেষভাবে চিহ্নিত আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছেন।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধঘোষিত চরমপন্থী ইসলামি সংগঠন হরকাতুল জিহাদকে (হুজি) সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্র সরকার এ ঘোষণা দেয়। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস হরকাত-উল-জিহাদ-ই-ইসলামি/বাংলাদেশকে (হরকাতুল জিহাদ) একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং একটি বিশেষভাবে চিহ্নিত আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছেন। এক নির্বাহী আদেশে ৫ মার্চ তিনি এ আখ্যা দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওসামা বিন লাদেনের পৃষ্ঠপোষকতায় ১৯৯৮ সালের ফেব্র"য়ারি মাসে হুজি নেতা একটি ফতোয়া জারি করেন। তাতে আমেরিকার বেসামরিক নাগরিকদের আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে হুজি বাংলাদেশ ও বিদেশে বেশকিছু সন্ত্রাসী আক্রমণের সঙ্গে জড়িত হয়। হরকাতুল জিহাদকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বা যুক্তরাষ্ট্রের আওতাধীন কেউ ওই সংগঠনকে কোন ধরনের সাহায্য করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংস্থাগুলো হুজির সম্পদ জব্দ করতে পারবে। এছাড়া, যুক্তরাষ্ট্রে থাকা হুজির স্বার্থসংশ্লিষ্ট সম্পদও জব্দ করা যাবে। তালিকাভুক্ত হওয়ায় হরকাতুল জিহাদ কর্মীদের ভিসা না দেওয়ার ক্ষমতাও পাবে যুক্তরাষ্ট্র। সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের তৎপরাতার প্রশংসা করে বলা হয়, হুজি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এবং তাদের নতুন আক্রমণ প্রতিরোধে বাংলাদেশ কার্যকর ব্যবস্থা নিয়েছে। সন্ত্রাস দমনে বাংলাদেশের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র প্রশংসা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএনডি/জিএনএ/১৭৪৭ ঘ.