২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনের উদ্যোগ 'নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা' বাস্তবায়নের অংশ: ওয়ার্কার্স পার্টি

সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগে আপত্তি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, স্থানীয় পর্যায়ে নির্বাচন করার এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারেরর নেই। ওই নির্বাচনের অনুষ্ঠানের মাধ্যমে সরকার 'নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা' বাস্তবায়ন করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগে আপত্তি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, স্থানীয় পর্যায়ে নির্বাচন করার এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারেরর নেই। ওই নির্বাচনের অনুষ্ঠানের মাধ্যমে সরকার 'নির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা' বাস্তবায়ন করতে চায়। রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন স্থানীয় পর্যায়ে নির্বাচনের পরিকল্পনা বাদ দিয়ে সংসদ নির্বাচন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান। মেনন বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের কাজ সংসদ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা। স্থানীয় সরকার নির্বাচন করা তার এখতিয়ার নয়।" রাশেদ খান মেনন অভিযোগ করেন, "জাতীয় সংসদের আগে অন্য কোনো নির্বাচন করা হলে তা হবে কথিত নিউ ব্রান্ড অব ডেমোক্রেসি (নতুন ধারার গণতন্ত্র) বাস্তবায়ন-পরিকল্পনার অংশ। পর্দার আড়াল থেকে এ রকম কাজ করার চিন্তা হচ্ছে।" ওয়ার্কার্স পার্টির সভাপতির প্রশ্ন- "যেখানে মেয়াদোত্তীর্ণ সংসদ নির্বাচন নিয়ে জনমনে সংশয়, সেখানে সেই নির্বাচন না করে স্থানীয় সরকার নির্বাচন করার উদ্দেশ্য কী ?" মেয়র পদে অরাজনৈতিক ব্যক্তির মনোনয়নের বিষয়টিরও সমালোচনা করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস সুষ্ঠু নির্বাচনের আগে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। দলের পলিট ব্যুরোর সদস্য নুরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, আজিজুল রহমান, কামরুল আহসান ও সালেহ সুলতানা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/জিএনএ/১৬৩৫ ঘ.