২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মোশাররফের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো দুটি মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 07:47 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো দুটি মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। বুধবার বিচারপতি মীর্জা হোসেন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ মোশারফের ছেলে খন্দকার মারুফ হোসেনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন। মোশররফের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে আরো দুটি মামলা থাকায় এখনই তার কারা মুক্তি হচ্ছে না। ২০০৭ সালের ৭ মার্চ যৌথবাহিনী মোশাররফ হোসেনকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে ১১ মার্চ বিশেষ ক্ষমতা আইনে তাকে আটকাদেশ দেওয়া হয়। আটকাদেশে বলা হয়, তিনি জরুরি ক্ষমতা আইন ভেঙে রাষ্ট্রের জননিরাপত্তা বিপন্ন করার কার্যক্রমে জড়িত ছিলেন। শুনানিতে ড. মোশারফের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ড. মোশারফের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশে হয়রানি করার জন্য এ আটকাদেশ দেওয়া হয়েছে। সরকারপক্ষে ড. মোশরফের আটকাদেশ বৈধ দাবি করে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুবিনা আসাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১৩৩৬ ঘ.