খুলনা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানকে একটি চাদাঁবাজির মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন আদালত নামঞ্জুর করেছে। একই আদালত তার বিরুদ্ধে ২ লাখ ৯০ হাজার টাকা চাদাঁবাজির অপর একটি মামলার সাক্ষ্য গ্রহণ স্থগিতের আবেদনও নামঞ্জুর করেছে।
খুলনার অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান মঙ্গলবার এই দুটি আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
খুলনার রূপসা এলাকার আবু আব্দুল্লাহ এলিন সাড়ে ৪ লাখ টাকা চাদাঁবাজির অভিযোগে শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য জন্য তার আইনজীবীরা আদালতে আবেদন করেছিলেন।
অপরদিকে ২ লাখ ৯০ হাজার টাকা চাদাঁবাজির মামলাটি করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রকিওরমেন্ট কর্মকর্তা এসএম হাফিজুর রহমান। এ মামলাটির সাক্ষ্য গ্রহণ আপাতত স্থগিত রাখার জন্য মেয়রের আইনজীবীর আবেদন জানালে একই আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করে।
এ সময মামলার ছয়জন সাক্ষী এবং শেখ তৈয়েবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
এ দুই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৯ মার্চ ধার্য করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24