২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. ইকবালের দুর্নীতি মামলার রায় ঘোষণা পিছিয়েছে

আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় রায় দেওয়ার তারিখ পিছিয়েছে। আগামী ১১ মার্চ তা ঘোষণা হবে। মঙ্গলবার এ রায় দেওয়ার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় রায় দেওয়ার তারিখ পিছিয়েছে। আগামী ১১ মার্চ তা ঘোষণা হবে। মঙ্গলবার এ রায় দেওয়ার কথা ছিল। সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলম ছুটিতে থাকায় নির্ধারিত দিনে মামলাটির রায় ঘোষণা হয়নি। বিশেষ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায় বাদী ও আসামিপক্ষকে নতুন তারিখের কথা জানিয়ে দেন। দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. ইব্রাহীম গত বছরের ২৫ জুন ইকবাল দম্পতি, তাদের দুই ছেলে মঈন ইকবাল, ইমরান ইকবাল ও মেয়ে নওরিন ইকবালের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, ডা. ইকবাল কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৬৯২ টাকার তথ্য গোপন করেছেন। একইসঙ্গে তিনি ঘোষিত আয়ের বাইরে ২ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৭১৯ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। মমতাজ বেগম দুর্নীতি করতে স্বামীকে সহযোগিতা করেছেন। এছাড়া মঈন ইকবাল ও ইমরান ইকবালের বিরুদ্ধে ৬ লাখ ৭৫ হাজার করে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার এবং নওরিন ইকবালের বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৭৫১ টাকার সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ আনা হয়। গত বছরের ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন 'সন্দেহভাজন দুর্নীতিবাজদের' একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব কমিশনে জমা দিতে বলে। ওই তালিকায় ডা. ইকবালের নামও ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসএনডি/১৮০৪ ঘ.