ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সোমবার বলেছেন, সংসদ ও উপজেলা নির্বাচন একসঙ্গে হতে পারে। তবে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, উপজেলা নির্বাচন সংসদ নির্বাচনের আগে না একই সঙ্গে হবে তা চূড়ান্ত হয়নি।
বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে এক বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচন একসঙ্গে হতে পারে। এতে খরচ অনেক কমে যাবে। তবে এটি একটি বিশাল ব্যাপার।"
তিনি বলেন, "যেসব স্থানে ভোটার তালিকার কাজ শেষ হয়েছে, সেসব এলাকায় উপজেলা নির্বাচন করা যায়।"
আনোয়ারুল ইকবাল জানান, নির্বাচন কমিশন এ মাসের শেষে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই চারটি সিটি করপোরেশন ও সাতটি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতে আগ্রহী। তার আগেই সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন আইন সংশোধন করা হবে। উপজেলা নির্বাচন আইনের সংশোধনীর বিষয়টি এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সিইসি শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "আমরা উপজেলা নির্বাচন আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে এ নির্বাচন সংসদ নির্বাচনের আগে হবে, না একই সঙ্গে হবে, তা এখনো ঠিক করা হয়নি।"
তিনি জানান, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন আইনের সংশোধনীর খসড়ায় বলা হয়েছে, প্রার্থী কোনো রাজনৈতিক দলের কোনো পদে থাকলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য বিবেচিত হবেন। এছাড়া এই সংশোধনীতে কমিশন বিধি প্রণয়ন করার ক্ষমতা চেয়েছে।
শামসুল হুদা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি সিটি করপোরেশন নির্বাচনের সীমানা পুনঃনির্ধারণের জন্য কমিশনকে অনুরোধ করেছিল। কিন্তু মামলা-মোকদ্দমা এড়াতে কমিশন এই দায়িত্ব নিতে রাজি হয়নি।
নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এ বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি এবং ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২৭ ফেব্র"য়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে প্রায় চার কোটি ভোটার নিবন্ধিত হয়েছেন। কমিশনের হিসাবে সারাদেশে এবার ভোটারের সংখ্যা হবে আনুমানিক আট কোটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এমএইচবি/২১২৮ ঘ.
bdnews24