ঢাকা মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে সরকার।
রোববার তথ্য বিবরণীর মাধ্যমে শর্তগুলো প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক এবং ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল জলিলকে চিকিৎসার জন্য সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। তিনি সর্বোচ্চ ৩০ দিনের জন্য এ সুযোগ পাবেন।
চিকিৎসার জন্য বিদেশে গেলে তিন দিন পরপর সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসকে আব্দুল জলিলের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে। তিনি নিজে বা তার কোনো নিকট আত্মীয় কাজটি করবেন।
এই সময়ের মধ্যে তিনি কোনো রাজনৈতিক, ব্যবসায়িক বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন না।
স্বাস্থ্যগত বিষয় ছাড়া অন্য কোনো কারণে কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
চিকিৎসা শেষ হওয়ামাত্র সরকারকে তা জানাতে হবে এবং দেশে ফিরতে হবে।
চিকিৎসার জন্য অন্য কোনো দেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে ওই দেশ ছাড়া অন্য কোনো দেশে তিনি যেতে পারবেন না।
তথ্য বিবরণীতে বলা হয়, এসব শর্তের যে কোনো একটি ভঙ্গ হলে জলিলকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হবে। এছাড়া সরকার কোনো কারণ না দেখিয়েই যে কোনো সময় জলিলকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে পারবে।
দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের ২৮ মে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে ১৫ জুলাই তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি, হৃদরোগ, রক্তচাপ ও চোখের সমস্যায় ভুগছেন।
রোববার গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আব্দুল জলিলকে এক মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। রাত পৌনে আটটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
জলিলের পরিবারের বরাদ দিয়ে উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী ও আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, সোমবার তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এমএইচবি/০০০২ ঘ.
bdnews24