ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুুল জলিল। মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিতে রাত পৌনে ৮টায় জলিলকে মুক্তি দেওয়া হয়। সোমবার তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।
রাত পৌনে ৮টায় উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী ল্যাবএইড হাসপাতালে সাংবদিকদের বলেন, "জলিল সাহেবকে এক মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এই মুহূর্ত থেকে তা কার্যকর হবে। পারিবারিক সূত্রে জানতে পেরেছি, আগামীকাল তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।"
পরে এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, মুক্তি দেওয়ার ক্ষেত্রে জলিলকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে।
এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সাংবাদিকদের জানিয়েছেন, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আব্দুল জলিলকে ভর্তি করা হবে। স্ত্রী রেহানা জলিল তার সঙ্গে যাবেন।
মুক্তি পাওয়ার পর জলিলকে প্রথমে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও অবস্থার অবনিত ঘটায় সিদ্ধান্ত বদলানো হয়।
রাত সাড়ে আটটার পর উপ-মহা কারা পরিদর্শক সাংবাদিকদের বলেন, "জলিল সাহেব কাল (সোমবার) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় লাইফ সাপোর্ট ছাড়া থাকা সম্ভব নয় বলে চিকিৎসকদের পরামর্শে রাতে বাসায় না গিয়ে হাসপাতালেই থাকবেন তিনি।"
এর ঠিক আগে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, "জলিল সাহেবের শরীরের অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেছে। চিকিৎসকরা নিষেধ করেছেন, তাই তাকে বাসায় নেওয়া হচ্ছে না। কাল (সোমবার) সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে তিনি সিঙ্গাপুর যাবেন। হাসপাতাল থেকে তাকে সরাসরি বিমানবন্দরে নিয়ে যাওয়া হতে পারে। তবে তিনি চাইলে তার গুলশানের বাসা হয়েও যেতে পারেন।"
বিমান নিয়ন্ত্রণ কক্ষের নিয়ন্ত্রক আলী আহম্মেদ জানিয়েছেন, সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিঙ্গাপুরের ফ্লাইট রয়েছে।
এর আগে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড বিকাল সাড়ে তিনটা থেকে বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে আব্দুল জলিলকে পরীক্ষা করেন। বোর্ডের পরামর্শ অনুসারেই সরকার জলিলকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. আবুল কাসেম খন্দকারকে প্রধান করে গঠিত বোর্ডের বাকি সদস্যরা হলেন- জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক এ কে এম মহিবুল্লাহ, জাতীয় কিডনি ইন্সটিটিউট ও হাসপাতালের (এনআইকেডিইউ) পরিচালক অধ্যাপক মো. শামীম আহমেদ, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কর্নেল মামুনুর রহমান এবং সিএমএইচ এর মেডিসিন বিশেষজ্ঞ লেফটেনেন্ট কর্নেল আমজাদ হোসেন ফকির।
চিকিৎসার জন্য জলিলকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না সে বিষয়ে পরামর্শ নিতে সরকার দুপুরে এই মেডিকেল বোর্ড গঠন করে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এ ব্যাপারে দুপুর ১২টায় একটি জরুরি বৈঠক ডাকেন। আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এ দুই মন্ত্র্রণালয়ের সচিবরা এতে অংশ নেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আবদুল মতিন সাংবাদিকদের বলেন, বৈঠকে আব্দুল জলিলের শারীরিক অবস্থা নিরূপণের জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়। এই বোর্ড সুপারিশ করলে আব্দুল জলিলকে প্যারোলে মুক্তি দিয়ে বিশেষ ব্যবস্থায় বিদেশে পাঠানো হবে।
জলিলকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে জেলকোড সংশোধন করতে হবে কি না -এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "মানবিক কারণে বিশেষ ব্যবস্থায় বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে বিদেশ পাঠানো হবে।"
এদিকে এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, আব্দুল জলিলকে ৩০ দিনের জন্য সাময়িকভাবে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে।
এগুলো হলো
bdnews24