২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট জেলা যুবদল সভাপতি জামিনে মুক্তির পর জেলগেটে গ্রেপ্তার

বাগেরহাট জেলা যুবদলের সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামকে (৪৫) জামিনে ছাড়া পাওয়ার পরপরই আবার গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 02:34 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

বাগেরহাট, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট জেলা যুবদলের সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামকে (৪৫) জামিনে ছাড়া পাওয়ার পরপরই আবার গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকালে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করে। বাগেরহাট কারাগারের জেলার মো. আবু জাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফকির তারিকুল ইসলামের বিরুদ্ধে সব মামলায় জামিন পাওয়ার পর রোববার বিকালে তাকে মুক্তি দেওয়া হয়। বাগেরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সোহরাব হোসেন জানান, রোববার বিকাল পৌনে পাঁচটায় সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল জেলগেট থেকে ফকির তারিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সদর থানায় রেখে যুবদল নেতা ফকির তারিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান। গত বছরের ১৬ জানুয়ারি ফকির তারিকুল ইসলামকে সেনাবাহিনী চাঁদাবাজি, টেন্ডারবাজি ও চিংড়ি ঘের দখলের অভিযোগে গ্রেপ্তার করে। আটককৃত ফকির তারিকের বিরুদ্ধে জেলা বিএনপির সহ-সভাপতি ও সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আউয়াল হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.