ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা বহাল রেখেই নির্বাচন চায় প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই জরুরি অবস্থা রাখা প্রয়োজন বলে মনে করে নবগঠিত দলটি।
পিডিপির আহ্বায়ক ফেরদৌস আহমেদ কোরেশী রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, "সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জরুরি অবস্থা বহাল রেখেই নির্বাচন করতে হবে।"
তবে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়েছেন তিনি।
সেগুন বাগিচায় পিডিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সহসভাপতি সাবেক যুবমন্ত্রী আবুল কাসেম চৌধুরীর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে পিডিপিতে যোগ দেন। নবাগতদের ফুল দিয়ে দলে বরণ করে নেন পিডিপি আহ্বায়ক।
এলডিপি নেতা-কর্মীদের যোগদান পিডিপিকে আরও এক ধাপ এগিয়ে নিল বলে মন্তব্য করেন ফেরদৌস কোরেশী।
তিনি বলেন, "পিডিপিকে বাদ দিয়ে এখন আর রাজনীতির কথা ভাবা যাবে না।"
দুর্নীতি, সন্ত্রাস, পরিবারতন্ত্রের বিরুদ্ধে পিডিপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ফেরদৌস কোরেশী।
তিনি '৭৩ এর বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ সংশোধন, সরকারি কর্মচারীদেও মহার্ঘ ভাতা দেওয়া এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
রোববার পিডিপিতে যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন, এলডিপির কেন্দ্রীয় নেতা কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত কমোডর শফিক-উর-রহমান, মোবারক হোসেন, প্রকৌশলী কাজী ফেরদৌস হক, এস আব্বাস আলী সিরাজী, এটিএম শহিদুল্লাহ তাহের, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জেড এম বাবর, সাবেক নৌ-কর্মকর্তা অবসরপ্রাপ্ত কমোডর এ এম এ আলম, অবসরপ্রাপ্ত কমোডর এ গুলজার হোসেন প্রমুখ।
এরা গত বুধবার এলডিপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫২ ঘ.
bdnews24