ঢাকা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য তাদের দু'জনকেই বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর প্রভাবশালী সদস্য আমির হোসেন আমু।
আব্দুল জলিলের শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে আমু বলেছেন,"প্রয়োজনে নেত্রী (শেখ হাসিনা) ও জলিল সাহেব উভয়কেই বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবি জানাচ্ছি।"
দলের নেতা অ্যাডভোকেট এম শামসুল হকের জানাজা শেষে শুক্রবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমু।
দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে বিশেষ কারাগারে আটক শেখ হাসিনার রক্তচাপ অস্থিতিশীল। তিনি চোখ ও কানের সমস্যায় ভুগছেন। কানের সমস্যাই এর মধ্যে সবচেয়ে গুরুতর বলে তার চিকিৎসকরা জানিয়েছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলার শব্দজনিত আঘাতে শেখ হাসিনার শ্রবণেন্দ্রিয়ের মারাত্মক ক্ষতি হয়। তিনি বাঁ কানে একেবারেই শুনতে পারেন না এবং ডান কানের জন্য শ্রবণ যন্ত্রের সাহায্য লাগে। এই শ্রবণযন্ত্র ২০০৪ সালে যুক্তরাষ্ট্র থেকে স্থাপন করে নিয়ে আসেন হাসিনা।
অন্যদিকে, বন্দী অবস্থায় চিকিৎসাধীন আব্দুল জলিল উচ্চ রক্তচাপে ভুগছেন। তার কিডনীর কার্যক্রম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। হৃদযন্ত্রে বাইপাস সাজার্রি হওয়া এ বয়োবৃদ্ধ নেতা চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তার যকৃতও কাজ করছে না।
নির্বাচন কমিশনের সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণের এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে সিটি কর্পোরেশন নির্বাচনের উদ্যোগ সম্পর্কে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে আমু বলেন, "আমাদের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনায় তাদের অভিমত ছিলো সবার আগে জাতীয় নির্বাচনের পক্ষে। এরপরও যদি তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় তাহলে আমরা প্রথমে দলীয় ফোরামে ও পরে ১৪ দলে আলোচনা করবো।"
সংসদীয় আসন পুনর্নিধারণ প্রসঙ্গে তিনি বলেন, "সংসদীয় আসন পুনর্নিধারণ করতে গেলে মামলা হওয়ার আশংকার কথা আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম। তারা মনে করেন, মামলা হওয়ার কোনো অবকাশ নেই। আর এজন্য নির্বাচনও পেছাবে না। যতটা সম্ভব কমসংখ্যক আসনের সীমানা পুনর্নিধারণ করা যায় সে বিষয়ে তারা আমাদের আশ্বস্ত করেছেন।
এর আগে, অ্যাডভোকেট শামসুুল হকের জানাজায় অংশ নেন আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইসহাক আলী খান পান্না, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
এম শামসুুল হক '৭০ এর নির্বাচনে মঠবাড়িয়া-বাবনা-পাথরঘাটা আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি তৎকালীন বরিশাল আওয়ামী লীগের আহবায়ক এবং পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতি ছিলেন। ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনির রোগে ভোগা শামসুল হককে গত ২১ ফেব্র"য়ারি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্ত্রী, ৬ ছেলে, ৭ মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শুক্রবার সকালে যাত্রাবাড়ী ধোলাইপাড়ে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও বায়তুল মোকাররম মসজিদে পৃথক দু'টি জানাজা অনুষ্ঠিত হয়। মীরপুর বুদ্ধিজীবি কবরস্থানে শুক্রবার বিকালে তাকে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৪৩০ঘ.
bdnews24