ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। এদিকে জলিলকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যাপারে কারা কর্তৃপক্ষের কাছে আগ্রহ প্রকাশ করেছে তার পরিবার।
ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের প্রধান কার্ডিওলজিস্ট ডা. মতিউর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোরেন্টিফোর ডটকমকে বলেন, "জলিল সাহেবের অবস্থা মোটামুটি স্থিতিশীল। কালকের (বুধবার) তুলনায় অবস্থার সামান্য উন্নতি হয়েছে।"
জলিলের সহকারী মো. আকরাম হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জলিলের স্ত্রী রেহানা জলিল বুধবার রাতে উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। জলিলকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে সামসুল হায়দার ছিদ্দিকীর কাছে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
মেজর ছিদ্দিকী এ ব্যাপারে বিডিনিউজ টোরেন্টিফোর ডটকমকে বলেন, "আমি বুধবার রাতে জলিল সাহেবের সঙ্গে দেখা করেছি। আর উনার স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। রোববার মেডিকেল জলিল সাহেবকে পরীক্ষা করার পর আমরা তার অবস্থা সম্পর্কে বলতে পারবো।"
আব্দুল জলিলকে এই মুহূর্তে বিদেশ পাঠানোর প্রয়োজন আছে কি না জানতে চাইলে ডা. মতিউর রহমান তিনি বলেন, "আমরাতো তাকে বিদেশে নিতে বলিনি। তার পরিবার এটা চাচ্ছে। জলিল সাহেবের পরিবার চায় ডায়ালাইসিস না করে তার কিডনি প্রতিস্থাপন করা হোক। কিন্তু সেটা সময়সাপেক্ষ ব্যাপার। আর ডায়ালাইসিস ব্যর্থ হলেই কিডনি প্রতিস্থাপন করতে হয়। এখন ওষুধ দিয়েই তার চিকিৎসা সম্ভব। তবে, চোখের অপারেশন করাতে চাইলে তাকে বিদেশে নিয়ে যেতে পারেন।"
রেহানা জলিল বৃহস্পতিবার বিকেল তিনটায় স্বামীকে দেখতে হাসপাতালে যান। প্রায় দেড় ঘণ্টা তিনি স্বামীর পাশে ছিলেন।
পরে অতিরিক্ত মহা কারা পরিদর্শক কর্নেল আশরাফউদ্দিন খান জলিলের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। সন্ধ্যায় উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীও হাসপাতালে যান।
চিকিৎসকরা জানান, আব্দুল জলিল একাধিক জটিল রোগে আক্রান্ত। কিডনি সমস্যা ছাড়াও রক্তচাপ, যকৃত, চোখের সমস্যায় ভুগছেন তিনি।
এদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান মানবিক কারণে আব্দুল জলিলকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, আব্দুল জলিলের দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে পড়েছে। তার একটি চোখ সম্পূর্ণ নষ্ট, অন্যটির অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া হৃদযন্ত্রে দুইবার বাইপাস সার্জারির পর তার রক্তচাপও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আব্দুল জলিল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। এমন পরিস্থিতিতে দেরি না করে তাকে সিঙ্গাপুরে পাঠানো দরকার। এর আগে তিনি সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২২৩৬ ঘ.
bdnews24