সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে বন্যপ্রাণি রাখার অভিযোগে বন বিভাগের দায়ের করা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার ভাই মঞ্জুর হাসান মাহমুদ খুশীর বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে অভিযোগ গঠন হয়েছে।
সিরাজগঞ্জের বিচার বিভাগীয় হাকিম মো. আরিফুর রহমানের আদালতে বুধবার এ মামলার অভিযোগ গঠন হয়। আদালত আগামী ৭ জুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেছে।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত টুকুকে বুধবার কড়া নিরাপত্তার মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সিরাজগঞ্জের আদালতে হাজির করা হয়। টুকুর সহোদর সিরাজগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান খুশীও অভিযোগ গঠনের সময় আদালতে হাজির ছিলেন।
জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে টুকুর পৈত্রিক বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে চারটি চিত্রা হরিণ, দুটি ইমু পাখি, সাতটি ময়ূর, দুই জোড়া বিরল প্রজাতির কবুতর, ১১টি টার্কিস মুরগি, দুটি ময়না ও একটি ঘুঘু উদ্ধার করে।
অবৈধভাবে বন্যপ্রাণি রাখার অভিযোগে স্থানীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম ওইদিনই টুকু, তার ভাই ও ওই 'চিড়িয়াখানার' পাঁচ কর্মচারীর বিরুদ্ধে বণ্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করে।
তবে বুধবার আদালত পাঁচ কর্মচারীকে মামলা থেকে অব্যাহতি দিয়ে শুধু টুকু ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেয়।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৮৮ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও তার সহোদর লাইসেন্স নবায়ন না করে অবৈধভাবে প্রাণিগুলো সংরক্ষণ করছিলেন।
ইকবাল মাহমুদ টুকুকে গত বছরের ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনী গ্রেপ্তার করে। একই বছরের ৩ জুলাই টুকুর স্ত্রী রোমানা মাহমুদ ও মেয়ে সারা হাসিন মাহমুদকেও গ্রেপ্তার করা হয়। তার ছেলে আবেদ হাসান মাহমুদ আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়।
কর ফাঁকির মামলায় বিএনপি নেতা টুকু বর্তমানে নয় বছর সাজা খাটছেন। গত বছরের ৯ নভেম্বর ঢাকার মহানগর বিশেষ জজ আদালত তাকে এ দণ্ড দেয়। একই মামলায় টুকুর স্ত্রী-সন্তানরাও আসামি। তবে তাদের মামলা কার্যক্রমের ওপর উচ্চ আদালতের স্থহিতাদেশ রয়েছে। বর্তমানে তারা জামিনে মুক্ত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৯ ঘ.
bdnews24