ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কারাবন্দি সাধারণ সম্পাদক আব্দুল জলিলের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট ডা. মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আব্দুল জলিল একাধিক রোগে আক্রান্ত। তার কিডনির অবস্থা খুবই খারাপ।
আব্দুল জলিলকে গত বছরের ২৯ মে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়রে তাকে গত বছরের ১৫ জুলাই ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
ডা. মতিউর রহমান বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলিল সাহেবের অবস্থা একটু খারাপের দিকে। ওনার রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না; চোখে-মুখে পানি চলে এসেছে। আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করে আগামী রোববার মেডিকেল বোর্ড গঠন করা হবে।"
তিনি আর বলেন, "উনার (আব্দুল জলিল) কিডনির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এখন তার কিডনি হয় ডায়ালাইসিস করতে হবে, নয়তো প্রতিস্থাপন করতে হবে।"
জলিলের অসুস্থতার বিষয়ে উপ মহা-কারাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি গত পরশু (সোমবার) রাতে জলিল সাহেবকে দেখতে গিয়েছিলাম। তখন চিকিৎসকরা আমাকে জানিয়েছেন, তার কিডনি, হার্ট ও চোখের চিকিৎসা চলছে। ল্যাবএইড হাসপাতালে জলিলের চিকিৎসা সংক্রান্ত যা যা প্রয়োজন তার সব কিছুই নিশ্চিত করা হয়েছে।"
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, " কারাবিধিতে কোনও সুযোগ না থাকায় জলিল সাহেবকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো সম্ভব হচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৫৭ ঘ.
bdnews24