ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুনের মধ্যে দেশের ১০২টি পৌরসভায় নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে। এসব পৌরসভায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশনে একটি তালিকা পাঠানো হয়েছে। নির্বাচন কবে হবে, তা কমিশনই নির্ধারণ করবে। সরকার এ ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না।"
সরকার সিটি করপোরেশনগুলোকে একসঙ্গে পরিচালনার জন্য আইনের খসড়া প্রণয়ন করেছে জানিয়ে তিনি বলেন, "ওই আইনের মধ্যে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। আইনটি চূড়ান্ত করার আগে নির্বাচন কমিশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ আলোচনা করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/২১১৭ ঘ.
bdnews24