ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে সন্দেহ দূর করতে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ ও ওয়ার্কার্স পার্টি।
মঙ্গলবার দল দু'টির শীর্ষস্থানীয় নেতারা নিজেদের মধ্যে সংলাপ শেষে নির্বাচন কমিশনের প্রতি এ আহ্বান জানান।
সন্ধ্যায় বারিধারায় কেসি মেমোরিয়াল ক্লিনিকে অনুষ্ঠিত সংলাপে বিকল্পধারা বাংলাদেশ এর পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
পরে আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, "ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন শেষ করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিতে হবে। একইসঙ্গে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা চাই।''
রাশেদ খান মেনন বলেন, "সন্দেহ দূর করতে সরকারের উচিত দ্রুত নির্বাচনে তারিখ ঘোষণা করা। পাশাপাশি নির্বাচন কালো টাকার প্রভাবমুক্ত রাখতে ব্যবস্থাও নিতে হবে।"
সংলাপে অন্যদের মধ্যে বিকল্পধারার এম এ হালিম, আরশাদ উদ জামান, মাহী বি চৌধুরী ও অধ্যক্ষ আবদুর রশীদ খান এবং ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, হায়দার আকবর খান রনো, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান ও কামরুল হাসান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/২১১৬ ঘ.
bdnews24