ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী। তবে যুদ্ধাপরাধে জড়িত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে প্রায় সব রাজনৈতিক দলের দাবির বিষয়ে কিছুই বলেনি। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নও এড়িয়ে গেছে দলটি।
মঙ্গলবার বিকেলে কমিশনের সঙ্গে সংলাপে দলটি অবিলম্বে ঘরোয়া রাজনীতি চালু, নির্বাচনে স্টিলের ব্যালট বাক্স ব্যবহার, 'না' ভোট বাতিল, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না করার সুপারিশ করে।
সংলাপ শেষে কমিশন কার্যালয় বেরিয়ে এসে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সাংবাদিকদের বলেন, "বিশ্বের সকল গণতান্ত্রিক দেশেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। ভারতে আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে। এ জন্য ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে যেনো গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ না করা হয়, কমিশনকে আমরা সে কথা বলেছি।"
সাংবাদিকরা এরপর তার কাছে 'যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়ে কমিশনের কাছে অন্যান্য দলের দাবির' প্রসঙ্গে জানতে চাইলে তিনি জবাব না দিয়ে তড়িঘড়ি কমিশন ছেড়ে বেরিয়ে যান।
সংলাপে মুজাহিদের নেতৃত্বে জামায়াতের ১০ জন প্রতিনিধি অংশ নেন। নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেনসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উপস্থিতিতে কমিশনের সঙ্গে সংলাপের শুরুতে মুজাহিদ লিখিত বক্তব্যে বলেন, "বিগত সংলাপে কোনো রাজনৈতিক দল ট্রেড ইউনিয়নের মতো দাবি - দাওয়া পেশ করেছে। তারা জনগণের বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত হেনে ধর্মের ভিত্তিতে রাজনীতি, অর্থাৎ ইসলামী রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত না করার মতো গণবিরোধী ও সংবিধান বিরোধী দাবিও করেছে। কল্পিত অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর মতো গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, মধ্যপন্থী ও সংসদে প্রতিনিধিত্বশীল দলকে নিবন্ধিত না করার মতো ঘৃণ্য প্রস্তাবও দিয়েছে।"
জামায়াত নেতা আরও বলেন, "২২ জানুয়ারির নির্বাচন ছিলো সাংবিধানিক। কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ গ্রহণ না করে দেশব্যাপী সন্ত্রাস সৃষ্টি করেছিল। লগি - বৈঠা ও মানুষ হত্যার রাজনীতি প্রাধান্য বিস্তার করার কারণে জরুরি অবস্থা জারি এবং নির্বাচন বাতিল করা হয়।"
"৯০ দিনের মধ্যে নির্বাচন না হওয়ায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে" এ মন্তব্যও করেন মুজাহিদ।
তিনি বলেন, কমিশন এমন কিছু রাজনৈতিক দলকে সংলাপে ডেকেছে, যাদের কোনো জনসমর্থন নেই, সংসদে এরা দুই শতাংশ ভোটও পায় না। অথচ খেলাফত মজলিশ, মুসলীম লীগের মতো বেশ কয়েকটি ইসলামী দলকে ডাকা হয়নি।
জামায়াত নেতা ব্যরিস্টার আব্দুর রাজ্জাক জানতে চান, কেনো বিএনপির দুটি অংশকে 'ব্রাকেট বন্দী' দুটি দল হিসেবে সংলাপে ডাকা হলো না?
সিইসি শামসুল হুদা তাদের বক্তব্যের জবাবে বলেন, "নির্বাচন নিয়ে সংশয়ের কথা শুনতে শুনতে আমরা বিরক্ত। আমরা তা রোডম্যাপ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। তাই আমরা তিন কমিশনার সিদ্ধান্ত নিয়েছি, এ বিষয়ে আর কোনো কথাই বলব না।"
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে তিনি বলেন, যারা এ পর্যন্ত সংসদে অন্তত একটি আসন পেয়েছে বা দুই শতাংশ ভোট পেয়েছে অথবা যাদের ৩২ টি জেলায় শাখা আছে, এমন দলকেই সংলাপে ডাকা হয়েছে। দল ভেঙে পৃথক প্রতীক নিয়ে জাসদ ও জাতীয় পার্টির দুই অংশ সংসদে আসন পেয়েছে, এ বিবেচনায় তারা সংলাপে বসেছে। কিন্তু খেলাফত মজলিশ বা ইসলামী ঐক্যজোট এ সব শর্ত পূরণ করেনি। আর মুসলিম লীগের অফিসই খুঁজে পাওয়া যায়নি।
বিএনপির সঙ্গে সংলাপে বসার বিষয়ে তিনি বলেন, "বিএনপির দুই অংশকে সংলাপে বসার চিঠি দিয়ে তাদের ব্রাকেট বন্দী করার আমরা কে? এটি এখন আদালতে বিচারাধীন বিষয়। আমরা গঠনতন্ত্র অনুসরণ করে বিএনটির একটি অংশকে চিঠি দিয়েছি --শুধু এটুকুই বলব। এখন আদালত যা বলেন, আমরা সেটাই করব।"
সিইসি জানান, কানাডা সরকারের কাছ থেকে স্বচ্ছ ব্যালট বাক্স অনুদান হিসেবে পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এটি না হলে স্টিলের ব্রালট বাক্স তৈরি করা আছে। নির্বাচনে কারচুপি হয়েছে, এমন কথা যাতে না ওঠে সেজন্যই কমিশন স্বচ্ছ ব্যালট বাক্সের কথা ভেবেছে।
এর আগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ১১ জন প্রতিনিধি এবং ন্যাপ (মোজাফফর) এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হকের নেতৃত্ব নয়জন প্রতিনিধির সঙ্গে কমিশন সংলাপে বসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এফএফ/এমআই/এমএইচবি/২০৪৪ ঘ.
bdnews24