২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মঞ্জুরুল ইমাম হত্যা মামলায় আ. লীগের ৮ নেতাকে সমন

খুলনা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম হত্যা মামলায় দলের আট নেতাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। আগামী ২ মার্চ সাক্ষ্য দেওয়ার জন্য এই আটজনকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

খুলনা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম হত্যা মামলায় দলের আট নেতাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। আগামী ২ মার্চ সাক্ষ্য দেওয়ার জন্য এই আটজনকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। মঙ্গলবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আব্দুস সালাম সিকদার এ নির্দেশ দেন। যাদের নামে সমন জারি হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদিকা ও সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা মহানগর আ. লীগ সভাপতি ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র কাজী আমিনুল হক, বাগেরহাট জেলা আ. লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকু, খুলনা সদর থানার সভাপতি আজমল আহমেদ তপন, সোনাডাঙ্গা থানার সভাপতি আবুল কালাম আজাদ কামাল, ২৩ নম্বর ওয়ার্ড সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ ও ১৬ নম্বর ওয়ার্ড আ. লীগ নেতা সোহেল মুন্সী। ২০০৩ সালের ২৫ আগষ্ট সকালে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি ও বোমা হামলা চালিয়ে নগরীর শামসুর রহমান রোডের নিজ বাসভবনের সামনে মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামকে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা অ্যাডভোকেট বিনোদ বিহারী এবং রিকশা চালক শহীদুল ইসলামও নিহত হন। পর দিন ২৬ আগস্ট মঞ্জুরুল ইমামের ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন জামি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় মামলা করেন। মামলাটি অধিকতর তদন্তের পর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আক্রাম হোসেন ২০০৮ সালের ২৪ জানুয়ারি চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরা হলেন- শাহাদাত হোসেন, গণেশ ব্যানার্জি, শুকুর গাজী, শেখ আব্দুল রাব্বী ওরফে রিপন। এর আগে ২০০৭ সালের ২৬ আগস্ট খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহজাহান হাওলাদার একটি অভিযোগপত্র দিয়েছিলেন। ওই অভিযোগপত্রে গণেশ ব্যানার্জি, শুকুর গাজী, শেখ আব্দুল রাব্বী ওরফে রিপন ও ইমাম সর্দার ওরফে হাসান ইমামকে অভিযুক্ত করা হয়। পরে হাসান ইমাম ক্রসফায়ারে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০০৬ ঘ.