ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার সকাল পৌনে ১১। ঠিক এই সময়েই সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রহরায় বিশেষ কারাগারে যাচ্ছিলেন শেখ হাসিনা। একই সময় অন্য একটি মামলায় আদালতে হাজিরা দিতে আসেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।
এ সময় হাসিনাকে দেখে হাসি মুখে সালাউদ্দিন কাদের চৌধুরী হাত তুলে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন,"আপা কেমন আছেন?" কিন্তু হাসিনা এর কোনো জবাব না দিয়ে সামনের দিকে হাঁটতে থাকেন।
সালাউদ্দিন কাদেরের সঙ্গে কথা না বললেও তার একটু পেছনে থাকা কারাবন্দি আওয়ামী লীগের সাবেক সাংসদ লোটাস কামালের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। এ দৃশ্য দেখে সাকা চৌধুরী মুখটা ফিরিয়ে নিয়ে সামনের দিকে চলে যান।
এ সময় হাসিনার একজন আইনজীবী মন্তব্য করেন, "আপার সঙ্গে সাকা চৌধুরীর দেখাটা অপ্রত্যাশিত হলেও জবাবটা কিন্তু প্রত্যাশিতই ছিল।"
বিশেষ জজ আদালত-৪ এ সাকা চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার বিচার কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১৭১১ ঘ.
bdnews24