২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান শফিউল্লাহর

বদ্ধভূমিগুলোর পাশে ঘৃণাস্তম্ভ নির্মাণ ও যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বদ্ধভূমিগুলোর পাশে ঘৃণাস্তম্ভ নির্মাণ ও যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব গবেষণা কেন্দ্র, বিশ্ব বাঙালি সম্মেলন ও বঙ্গবন্ধু জাতীয় স্বাধীনতা পরিষদের যৌথ উদ্যোগে এ আলোচনা সভায় মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য গুণীজনদের পদক ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কে এম শফিউল্লাহ ছাড়াও পদক ও সম্মাননা পেয়েছেন আবু ওসমান চৌধুরী, নির্মল সেন, বাহাউদ্দিন চৌধুরী, ড. মির্জা মাজহারুল ইসলাম, মিজানুর রহমান মিজান, রওশন আরা বাচ্চু, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সেলিমা খালেক, ড. দেবকণ্যা সেন ও এম আর কে তোহা। জনগণের উদ্দেশে শফিউল্লাহ বলেন, "প্রতিটি বদ্ধভূমির পাশে একটি করে রাজাকার, আল-বদর ঘৃণাস্তম্ভ নির্মাণ করুন। আগামী প্রজন্মকে যুদ্ধপরাধীদের সম্পর্কে জানান। তাদের সামাজিকভাবে বয়কট করুন।" তত্ত্বাবধায়ক সরকারকেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে 'যুদ্ধাপরাধীর বিচার' বিষয়ে অঙ্গীকারনামাও দাবি করেন। শফিউল্লাহ বলেন, "যেসব দলের ইশতেহারে যুদ্ধাপরাধীর বিচারের অঙ্গীকার থাকবে না, তাদের আমরা বিরোধিতা করব।" আরেক সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরী বলেন, "বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলেও ১৯৭৫ সালে দালাল আইন রহিত করে সেই বিচারপ্রক্রিয়াকে স্তব্ধ করা হয়েছে। আজ সময় এসেছে, যুদ্ধাপরাধীদের বিচার করার। এজন্য দেশের মানুষকে এক হতে হবে।" দৈনিক খবরের সম্পাদক ড. মিজানুর রহমান মিজান বলেন, "ভাষা ও স্বাধীনতার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের আর্দশকে অনুসরণ করতে হবে।" বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক বাহাউদ্দিন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ, সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক, গাজী দেলোয়ার হোসেন, ভারত থেকে আসা ড. দেবকণ্য সেন, শিবানী কৃষ্ণ, এ এইচ আলমগীর, শাহজাহান কবীর প্রমুখ। অনুষ্ঠানে আলজেরিয়া ও ফ্রান্সের কয়েকজন অতিথিও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসএনডি/২১৪২ ঘ.