চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করবে সরকার। বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, এ জন্য মার্চের শুরুতে দরপত্র আহ্বান করা হচ্ছে।
নগরীর সার্কিট হাউসে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "আনুষ্ঠানিকতার সময় নেই। যে সব বিষয়ের সমাধান এখনই প্রয়োজন সেগুলো চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকল বিভাগ জরুরি ভিত্তিতে অবিলম্বে সেগুলো বাস্তবায়ন কাজ শুরু করবে। এছাড়া, মধ্যম ও দীর্ঘমেয়াদি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।"
উপদেষ্টা জানান, সভায় রাস্তাঘাট নির্মাণ, জলাবদ্ধতা ও যানজট নিরসন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আবাসন, গ্যাস, বিদ্যুৎ ও পানি সঙ্কটের সমাধান, ইন্টারনেট সহজলভ্য করা এবং নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।
ড. হোসেন জিল্লুর বলেন, "সভার সিদ্ধান্তগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মার্চের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হবে। এরপর তা উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে।"
চট্টগ্রামের সঙ্গে ঢাকার যোগাযোগ দ্রুততর করতে মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রক্রিয়া শিগগির শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, "এজন্য বিভিন্ন ধরনের ১০টি প্যাকেজের দরপত্র আগামী মার্চ মাসে আহ্বান করা হবে। এটি নির্মাণের কাজ ২০১৭ সালে শেষ হবে।"
তিনি জানান, এ মহাসড়কের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম 'সুপার এক্সপ্রেস' সড়ক নির্মাণেরও পরিকল্পনা রয়েছে সরকারের।
জলাবদ্ধতাকে চট্টগ্রামের জন্য স্পর্শকাতর বিষয় হিসাবে চিহ্নিত করে তিনি জানান, এটি দূর করতে আগামী বর্ষা মৌসুমের আগেই দুটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, যানজট নিরসনে বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের কাছে একটি ফ্লাইওভার নির্মাণ, রিংরোড নির্মাণ ও নিম্ন আয়ের গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী নারীদের জন্য সল্টগোলার কাছে একটি হোস্টেল করা হবে।
গ্যাস সঙ্কটকে জাতীয় সমস্যা উল্লেখ করে উপদেষ্টা বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড থেকে আলাদা করে চট্টগ্রামের জন্য কর্ণফুলী গ্যাস সিস্টেমস লিমিটেড করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সারাদেশে পর্যায়ক্রমে উপদেষ্টা পরিষদের সভার ধারাবাহিকতায় চট্টগ্রামেও তা অনুষ্ঠিত হবে। আগামী ৫ মার্চ বরিশালে পরবর্তী বৈঠক হচ্ছে।"
সভায় গৃহায়ন ও গণপূর্ত সচিব এস এম রাশেদুল হাই, ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম, বাণিজ্য, শিক্ষা, প্রাথমিক শিক্ষা, স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসন ও সেবা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24