টাঙ্গাইল, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে যোগদান করেছেন।
সোমবার বেলা ২টা ৪৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতোয়ার রহমানের কক্ষে যোগদান প্রক্রিয়া শেষে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে রোগীদের খোঁজখবর নেন।
এরপর তিনি কয়েকদিনের ছুটি নিয়ে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশে টাঙ্গাইল ত্যাগ করেন।
যোগদান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারি চাকুরি করি, পোষ্টিং যেখানে হবে সেখানে তো যোগদান করতেই হয়।"
এদিকে জোবাইদার টাঙ্গাইল আসার খবরে সকাল থেকেই স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে জড়ো হন। যোবাইদা বেলা সোয়া ১টায় একটি প্রাইভেট কারে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। তাকে দেখতে আসা উৎসুক লোকজনকে সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ ও নেতাকর্মীদের বেগ পেতে হয়।
এক পর্যায়ে ডা. জোবাইদা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে দর্শনার্থীদের দেখা দেন।
পারিবারিক সূত্র জানায়, জোবাইদা এর আগে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হৃদরোগের ওপর উচ্চতর প্রশিক্ষণে ছিলেন। রোববার তাকে নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিতে বলা হয়।
জোবাইদা ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর সেখানেও কিছুদিন মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/ডিডি/এমএইচবি/০০৩১ ঘ.
bdnews24