ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের আবেদন (লিভ টু আপিল) করেছে সরকার। এ আবেদনের শুনানি মুলতবি করার জন্য শেখ হাসিনাও আপিল বিভাগে আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। ওই দিন আপিল বিভাগের কার্যতালিকায় সরকার ও হাসিনার আবেদন ১ নং ক্রমিকে রয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত না করে আপিল বিভাগ সরকারকে ১৯ ফেব্র"য়ারির মধ্যে লিভ টু আপিল করতে বলেছিল। গত ১২ ফেব্র"য়ারি আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেয়।
সোমবার আপিলের আবেদন করার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহুরুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করা হয়েছে।"
তিনি আরও বলেন, "শেখ হাসিনার পক্ষ থেকে লিভ টু আপিলটির শুনানি মুলতবির জন্য একটি আবেদন করা হয়েছে। মঙ্গলবার প্রথমেই শুনানি হবে ওই আবেদনের ওপর।"
হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার লিভ টু আপিল দায়ের করেছে। তবে আমরা এখনো এর কপি পাইনি।"
তিনি জানান, শেখ হাসিনার পক্ষ থেকে ওই আবেদনের শুনানি মুলতবির জন্য আবেদন করা হয়েছে। সেখানে ২৪ ফেব্র"য়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছে। কারণ, শেখ হাসিনার প্রধান কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক ভাইয়ের অসুস্থতার জন্য বিদেশে রয়েছেন। তিনি ২৪ ফেব্র"য়ারি দেশে ফিরবেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি সেটি খারিজ করে দেয়।
আজম জে চৌধুরী গত বছর ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫শ' টাকা চাঁদা নেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করে। ওইদিনই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা ও শেখ সেলিমের পাশাপাশি শেখ রেহানাকেও অন্তর্ভুক্ত করে তিনজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০২২ ঘ.
bdnews24