ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী উইলিয়াম স্লন। আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি স্লন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিও খতিয়ে দেখবেন।
শনিবার ভোররাতে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্লন জিয়া বিমানবন্দরে পৌঁছেন বলে জানিয়েছেন শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উইলিয়াম স্লন এক সপ্তাহ বাংলাদেশে থাকবেন। তিনি শেখ হাসিনাসহ বন্দি রাজনীতিবিদদের বিচার প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। শেখ হাসিনার মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলবেন তিনি।
শেখ হাসিনার অন্যতম আইনজীবী ও শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার মামলার বিষয় নিয়ে আমরা আজ (শনিবার) রাতে উইলিয়াম স্লনের সঙ্গে আলোচনায় বসব।"
উইলিয়াম স্লন এর আগে ২০০২ সালে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত একটি মানবাধিকার সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন।
শেখ হাসিনার মামলার বিষয়ে আইনগত পরামর্শ দিতে গত মাসে কানাডার আইনজীবী পায়েম আখাভান ঢাকায় এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৩১৫ ঘ.
bdnews24