ঢাকা, ফেব্র"য়ারি ১৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজ ১৬ ফেব্র"য়ারি শনিবার। মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর প্রধান বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ২৪তম মৃত্যুবার্ষিকী।
যথাযোগ্য মর্যাদায় তার জন্মস্থান সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ওসমানীর মৃত্যুবার্ষিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিলেট প্রতিনিধি জানান, বঙ্গবীর এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিভিন্ন সংগঠন তার কবরে ফুল দেয়।
সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে ওসমানীর কবরে ভোরে সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীও বঙ্গবীর ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ১১টায় কবরে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয় জনতা পার্টি, বঙ্গবীর ওসমানী সংসদ, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ও বালাগঞ্জ কল্যাণ সমিতি।
বিকেলে নগরীর নাইওরপুলে ওসমানী জাদুঘরের আলোচনা সভা ও মিলাদ মাহফিল হবে। ওসমানী স্মৃতি সংসদ হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজন করেছে।
এদিকে বাদ জোহর সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জেনারেল ওসমানী স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বিকেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক সমিতির উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। ওসমানী সমাজ সেবা ও গবেষণা সংসদসহ বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধের এই সর্বাধিনায়কের স্মরণে নিয়েছে পৃথক কর্মসূচি।
১৯৮৪ সালের এই দিনে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেনারেল ওসমানী ১৯১৮ সালে সিলেটের দয়ামারী গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৩৯ সালে ব্রিটিশ ইন্ডিয়া মিলিটারি একাডেমিতে যোগ দিয়ে ১৯৪০ সালে কমিশন প্রাপ্ত হন। সামরিক জীবন শেষ করে অবসর নেওয়ার পর ১৯৭০ সালে ওসমানী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে প্রবাসী বাংলাদেশ সরকার কর্নেল ওসমানীকে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অধিনায়ক ও মুক্তিবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন। ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর ওসমানী বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল পদে উন্নীত হন।
বিএনপির স্থায়ী কমিটির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান, অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জেনারেল ওসমানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এএল/জিএনএ/১২০০ ঘ.
bdnews24