ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশের রাজনীতির গুণগত মান ভালো হয়নি এবং গণতন্ত্র টেকসই করা যায়নি বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান। তবে নবম জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছিলেন বিচারপতি লতিফুর রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ।
বিচারপতি লতিফুর রহমান বলেন, "ভাষা আন্দোলনের ফলশ্র"তিতেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর গত ৩৬ বছরে রাজনীতিতে একটা গুণগত মান অর্জন করা উচিত ছিল। তা করা সম্ভব হয়নি।"
তিনি মন্তব্য করেন, সংবিধানে সংসদীয় গণতন্ত্রের কথা থাকলেও মাঝে দেশে রাষ্ট্রপতি-শাসিত ও সামরিক শাসন এসেছে। কিন্তু আবার সংসদীয় গণতন্ত্রের পথে গেলেও তা টিকিয়ে রাখা যায়নি।
বিচারপতি লতিফুর রহমান বলেন, "সংসদীয় গণতন্ত্রে রাজনীতিবিদরাই দেশ চালাবেন। তারা যদি দেশের কথা চিন্তা না করেন তাহলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন দূরুহ হয়ে পড়বে।"
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিচারপতি লতিফুর রহমান বলেন, "এদেশে ভবিষ্যতে যারা রাজনীতিতে আসবেন, তারা যেন দেশকে ভালোবাসেন। সংবিধান অনুসরণ করেন। সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে দেশের ভাগ্যোন্নয়ন সম্ভব নয়।"
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, "আগামী নবম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে। তারপর গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং টেকসই ভিত্তির ওপর দাঁড়াবে। দেশ উন্নয়নের দিকে যাবে"।
বাংলাদেশের উন্নয়ন করতে হলে চিন্তায়-স্বপ্নে বাঙালি হতে হবে মন্তব্য করেন বিচারপতি আব্দুর রউফ। তিনি বলেন, "অতীতের কথা মাথায় রেখেই ভবিষ্যত গড়ার চিন্তা করতে হবে আগামী প্রজন্মকে।"
'বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির' ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান বিশেষ অতিথি ছিলেন।
অনুষ্ঠানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুর, কবি আব্দুল হাই শিকদার, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, হাকিম সাইফুদ্দিন মুরাদ, যুব সংগঠক কাজী আলী আক্কাস নাদিম, সুনামগঞ্জের শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত নুরুল হকসহ ১০ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৯৩৭ঘ.
bdnews24