২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খালেদার চিঠি রাজনৈতিক হলে সিইসির কাছে পৌঁছাবে না'

উপ-কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শুক্রবার জানিয়েছেন, সিইসিকে লেখা খালেদা জিয়ার চিঠিতে কোনো রাজনৈতিক বিষয়বস্তু থাকলে তা প্রাপকের কাছে পৌঁছাবে না। কারাবিধি অনুযায়ী রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে কোনো চিঠি তিনি বাইরে পাঠাতে পারেন না। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপ-কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শুক্রবার জানিয়েছেন, সিইসিকে লেখা খালেদা জিয়ার চিঠিতে কোনো রাজনৈতিক বিষয়বস্তু থাকলে তা প্রাপকের কাছে পৌঁছাবে না। কারাবিধি অনুযায়ী রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে কোনো চিঠি তিনি বাইরে পাঠাতে পারেন না। বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবীরা সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন তার মনোনীত মহাসচিবের সঙ্গে সংলাপে বসার জন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে একটি চিঠি দিচ্ছেন। আইনজীবীদের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে কেন্দ্রীয় কারাগারে সংবাদ সম্মেলন করে কারা কর্তৃপক্ষ। এতে সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, কারাবিধি অনুযায়ী কেনো বন্দি রাজনৈতিক সিদ্ধান্ত বাইরে পাঠাতে পারেন না। এমন কি রাজনৈতিক কথা বলাও কারাবিধির লঙ্ঘন। খালেদার রাজনৈতিক সিদ্ধান্ত সাংবাদিকদের জানানোর মাধ্যমে তার আইনজীবীরা কারাবিধি লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন তিনি। খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও ব্যারিস্টার নওশাদ জমির বৃহস্পতিবার বিকেলে বিশেষ কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, ''ম্যাডাম সিইসি বরাবর চিঠি দিয়েছেন। তা কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।" "তিনি জানিয়েছেন, সংলাপ কিংবা যে কোনো আলোচনা মহাসচিব খোন্দকার দেলোয়ারের নেতৃত্বেই হবে। তিনিই সিদ্ধান্ত দেবেন।" তাদের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সামসুল হায়দার শুক্রবার সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার আইনজীবীরা উপ-কারা রক্ষকের বরাবরে একটি খাম দিয়েছেন। সেটি এখনও আমাদের হাতে পৌছায়নি। তবে তার আইনজীবীরা বাইরে এসে যা বলেছেন ওই চিঠিতে হুবুহু তাই লেখা থাকলে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সেক্ষেত্রে আমরা কারাবিধি অনুযায়ী পদক্ষেপ নেব।" কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন, "এতে কোনও রাজনৈতিক সিদ্ধান্তের কথা থাকলে চিঠি প্রাপকের কাছে পৌঁছাবে না।" উপ-কারা মহাপরিদর্শক কারাবিধি ব্যাখ্যা করে বলেন, "কোনও বন্দিই কারাগারে বসে রাজনৈতিক সিদ্ধান্ত দিতে পারেন না। কোনো বন্দি চিঠি লিখতে চাইলে কারা কর্তৃপক্ষের মাধ্যমে লিখতে হবে। কারা কর্তৃপক্ষের কাছ থেকে কাগজ চেয়ে নিয়ে বন্দি নিজ হাতে তা লিখবেন। কেউ লিখতে না পারলে কারা কর্তৃপক্ষই প্রেরকের পক্ষে তা লিখে দেবে। কিন্তু আমাদের মনে হয়, এখানে (খালেদা জিয়ার ক্ষেত্রে) এর কোনোটিই হয়নি। কেননা খালেদা জিয়া কর্তৃপক্ষের কাছ থেকে কাগজ চেয়ে নেননি। আর সম্ভবত চিঠিটি তার নিজের হাতেও লেখা নয়।" "খালেদা জিয়ার আইনজীবীরা কারাবিধি লঙ্ঘন করছেন"