ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শেখ হাসিনার সম্মতি পাওয়া মাত্রই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ সুচিকিৎসার জন্য শেখ হাসিনাকে হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসক জানিয়েছেন, হাসিনার শরীর ভালো নয়। তার কানের অবস্থা বেশ খারাপ। তার কানের যন্ত্রটিও ঠিকমতো কাজ করছে না।
অধ্যাপক আব্দুল্লাহ শুক্রবার সকালে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করেন।
হাসিনার শারীরিক অবস্থা সম্পর্কে অধ্যাপক এবিএম আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উনার শরীর আসলেই খারাপ। রক্তচাপ ওঠানামা করছে; বমির ভাব কমলেও দুর্বলতা কাটেনি; শরীরে এলার্জিও হয়েছে। তাছাড়া ওনার চোখের সমস্যাও রয়েছে। তবে, সবচেয়ে খারাপ অবস্থা কানের। গ্রেনেড হামলার পর থেকে উনি বাম কানে শুনতেই পারেন না। আর যন্ত্রের মাধ্যমে ডান কানে শুনতে পান। কিন্তু এখন যন্ত্রটিও ঠিকমতো কাজ করছে না।"
কানের এ চিকিৎসা দেশে সম্ভব নয় বলে ডা. আব্দুল্লাহ জানান।
তিনি বলেন, "আমি আওয়ামী লীগ সভানেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি। আইজি ও ডিআইজি প্রিজন দুজনই বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী যেখানে চান, সেখানেই তার চিকিৎসা করানো হবে।"
অধ্যাপক আব্দুল্লাহ জানান, সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত তিনি শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করেন। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান এবং কারা উপ-কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।
মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। তিনি (হাসিনা) রাজি হলে আমারা এখনই উনাকে নিয়ে যাব।"
উপ-কারা মহাপরিদর্শক বলেন, "উনার আত্মীয়রা বলেছেন, তিনি সরকারের তত্ত্বাবধানে চিকিৎসায় আস্থা পাচ্ছেন না। সে জন্য আমরা চাই, উনি যাকে দিয়ে, যেখানে চিকিৎসা করাতে চান; তাকে দিয়ে, সেখানেই চিকিৎসা করানো হবে।"
শেখ হাসিনা বুধবার অসুস্থ হয়ে পড়েন। সে দিন ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির দিনে তাকে আদালতে হাজির যায়নি।
সুচিকিৎসার জন্য শেখ হাসিনাকে বিদেশ পাঠানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এমএ/১৫৫২ঘ.
bdnews24