ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের ছবিসহ ভোটার তালিকায় নিবন্ধনের কার্যক্রম বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সকাল নয়টায় উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী, বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা (ঢাকা-১) নওয়াবুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।
এ ব্যাপারে বিশ্বাস লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত রোববার থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হলেও বন্দিদের ছবি তুলে নিবন্ধনের কার্যক্রম আজ (বৃহস্পতিবার) সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।"
জেলা নির্বাচন কর্মকর্তা (ঢাকা-১) নওয়াবু ইসলাম বলেন, "কয়েদী ও বন্দিদের সাধারণ পোশাকেই ছবি তোলা হচ্ছে। কারাগারের ভেতরে নারীদের জন্য একটি ও পুরুষদের জন্য দুটি বুথ করা হয়েছে। তিন দিনের মধ্যে বন্দিদের ছবি তুলে নিবন্ধিত করা হবে।"
বৃহস্পতিবার পর্যন্ত দুই হাজার ৯৮২ জন বন্দির তথ্য সংগৃহীত হয়েছে। এর মধ্যে এক হাজার ২ জনের নিবন্ধন হয়েছে। তাদের সনাক্ত করছেন কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কারাবন্দিরা।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার ৬৭টি কারাগারে ভোটার হওয়ার যোগ্য কয়েদির সংখ্যা সাড়ে ৬৯ হাজার। কারাবন্দি এসব ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আর যারা নির্বাচনের আগেই মুক্তি পাবেন তারা ভোটার তালিকায় দেওয়া ঠিকানা অনুযায়ী ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারেই আছেন ৮ হাজার ৭২৩ জন ভোটার হওয়ার যোগ্য কয়েদী। এছাড়া চট্টগ্রামে ৩ হাজার ২৩৬ জন, খুলনায় ২ হাজার ৪৯৯ জন, কুমিল্লায় ২ হাজার ৩২৫ জন, সিলেটে ২ হাজার ১৪০ জন ও নারায়ণগঞ্জে ১ হাজার ৯০৬ জন কয়েদী ভোটার হওয়ার যোগ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/১৩১৩ঘ.
bdnews24