২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানীতে পরিণত করতে বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নেবে। ইতোমধ্যে বেশ কিছু বিষয় এবং সমস্যা চিহ্নিত করে বাণিজ্যিক রাজধানীর পরিকল্পনাটি বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানীতে পরিণত করতে বর্তমান সরকার সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নেবে। ইতোমধ্যে বেশ কিছু বিষয় এবং সমস্যা চিহ্নিত করে বাণিজ্যিক রাজধানীর পরিকল্পনাটি বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, "বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতোমধ্যে একটি সভা করেছে এবং আগামী মঙ্গলবার বন্দরনগরী চট্টগ্রামে সংশ্লিষ্ট সাতটি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে গঠিত কমিটির অপর একটি সভা আহবান করা হয়েছে।" বৃহস্পতিবার সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজিএমইএ আয়োজিত কাপেক্সপো-০৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন। স্থানীয় প্রশাসনকেও চট্টগ্রামের বিদ্যমান বিভিন্ন ইস্যু, সংকট ও সমস্যা চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে ড. হোসেন জিল্লুর রহমান জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, "একটি আন্তজার্তিক মানের বন্দরের জন্য একটি আন্তজার্তিক মানের নগরীর প্রয়োজন।" চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। দেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, "এই শিল্পকে সহায়তা করতে বর্তমান সরকার এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই খাতের বিকাশে চট্টগ্রামে একটি গার্মেন্টস পল্লী নির্মাণসহ সকল সমস্যা দূরীকরণে উদ্যোগ নেওয়া হবে।" ড. হোসেন জিল্লুর জানান, আমদানি নিবন্ধন সনদ পেতে আর সমস্যা হবে না। সনদ প্রদানকারী সংস্থা আইআরসির চট্টগ্রাম শাখাকে ক্ষমতা দেওয়া হবে যাতে কালক্ষেপন না করেই ব্যবসায়ীরা নিবন্ধন সনদ পেতে পারেন। জানুয়ারি মাসে এই খাতে শ্রম অসন্তোষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকার ভবিষ্যতে সকল সংকট মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে। কোন ধরনের 'গ্যাপের' কারণে যাতে সংকট তৈরি ও দীর্ঘায়িত হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সব সংস্থা সতর্ক রয়েছে। দেশের ২৭০টি রুগ্ন তৈরিপোশাক শিল্পের খেলাপি ঋণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শিগগিরই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সঙ্গে কথা বলে প্রতিষ্ঠানগুলো চালুর জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। পোশাক কারখানার মালিকদের দক্ষ শ্রমিক তৈরির বিষয়টি গুরত্বসহকারে বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তা নিয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। উপদেষ্টা শ্রমিকদের কল্যাণের দিকেও নজর দেওয়ার জন্য মালিকদের তাগিদ দেন। শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের উপর নির্ভর না করে নতুন নতুন বাজার খোঁজার জন্য বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করছে বলে ড. জিল্লুর রহমান বিজিএমইএ নেতাদের অবহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে প্রতিবেদন তৈরি করে তা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থা ইউএসআইটিসিতে দাখিল করা হয়েছে। এই সুবিধা লাভের জন্য সব পদক্ষেপ গ্রহণ করা হবে। বাণিজ্য উপদেষ্টা বলেন, "বিশ্ববাজারে কোটা ও শুল্ক মুক্ত নিয়ম নীতির বেড়াজালের মধ্যেও বাংলাদেশ তার নিজের স্থান দখল করে নিয়েছে। আমরা কারও দয়ার উপর নির্ভরশীল নই এটা প্রমাণ করতে সচেষ্ট হয়েছি। এরপরও অনুন্নত দেশের মানসিকতা অতিক্রম করতে মেধা, প্রতিভা ও পরিশ্রমের পাশাপাশি রাজনৈতিক বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে।" বিজিএমইএ সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী ও বিজিএমইএ'র প্রথম সভাপতি এম এ সালাম। এছাড়া, বিজিএমএই'র ঢাকা ও চট্টগ্রামের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাব যাতে তৈরি পোশাক খাতে না পড়ে সেজন্য শ্রমিকদের মধ্যে রেশনিং চালু এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর ক্ষেত্রে ভর্তুকি প্রদানে সরকারের প্রতি আহবান জানান আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। চেম্বার সভাপতি চট্টগ্রামে অবস্থিত গার্মেন্টস শিল্পের অগ্রগতির জন্য পশ্চাত সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ), অবকাঠামোগত সমস্যা সমাধানের জন্য আন্তরিক উদ্যোগ গ্রহণের দাবি জানান। তৈরিপোশাক ও এই শিল্পের সরঞ্জাম নিয়ে এই প্রদর্শনী কাপেক্সপো চলবে আগামী ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত। এতে ৪৫টি স্টলে দেশি-বিদেশি ৩১টি প্রতিষ্ঠান তাদের তৈরি পোশাক ও সরঞ্জাম প্রদর্শন করবে। আয়োজকরা আশা করছেন তারা এই প্রদর্শনী থেকে বিপুল পরিমাণ ক্রয় আদেশ পাবেন। বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, বিশ্বমানের বন্দরের জন্য চট্টগ্রামকে বিশ্বমানের নগরী হিসাবে গড়ে তুলতে হবে। সেইসঙ্গে শিল্প কারখানা ও সংশ্লিষ্ট ভৌত অবকাঠামো গড়ে তোলাও প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শুধু আঞ্চলিক কারণে নয় জাতীয় স্বার্থেই চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনা জাগিয়ে তুলতে হবে। নগরীকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হবে।" জলাবদ্ধতা একটি বিশ্বমানের নগরী হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে চট্টগ্রামের অন্যতম প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সিটি কর্পোরেশনকে কাজ করতে হবে। শুধু কাগজে-কলমে নয় উন্নয়ন কর্মকাণ্ডসমূহ বাস্তবে রূপ দিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম খায়রুল আলম, ওয়ার্ড কমিশনার সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, শাহেদা কাশেম সাথী বক্তব্য রাখেন। সভার শুরুতে নগরীর উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন নগর পরিকল্পনাবিদ স্থপতি রেজাউল করিম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদনের জন্য করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম বাণিজ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। তিনি সিটি করপোরেশনের শিক্ষা খাতসহ অন্যান্য কার্যক্রমে সরকারের সহযোগিতা বাড়ানো দরকার বলে সভায় উপদেষ্টাকে অবহিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এফআই/এমএসবি/২০০৬ ঘ.