ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, চলতি বছরের মধ্যেই দেশে নির্বাচন হবে বলে তিনি বিশ্বাস করেন। এজন্য অচিরেই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি ও ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জণ চক্রবর্তীর সঙ্গে আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা একইসঙ্গে বলেন, "দেশের মানুষ এখন নির্বাচন নিয়ে ভাবছে না। তাদের সামনে বড় সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য, খাদ্য, সার, তেল ও বিদ্যুৎ। মানুষ এখন এসব নিয়েই ব্যস্ত রয়েছে। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো সংশয় নেই।"
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, গীতা পাসি বাংলাদেশে শিশু শ্রম বন্ধে সরকারকে আরও উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন। এ ব্যাপারে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থা সম্পর্কেও তিনি জানতে চেয়েছেন।
দুই রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে রাশেদা কে চৌধুরী বলেন, "মন্ত্রণালয় ও সেক্টরের বিষয়েই মূলত আলোচনা হয়েছে। নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়নি।"
ভারতীয় হাইকমিশনার সিডর দুর্গত এলাকায় পুনর্বাসন কাজে আগ্রহ দেখিয়েছেন বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।
গীতা পাসি বেসরকারি বিমান চলাচল ও পর্যটন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দারের সঙ্গেও বৈঠক করেছেন।
অন্যদিকে, ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে বৈঠক করেন।
তবে এসব বৈঠকের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৯১৭ ঘ.
bdnews24