ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলার আসামি সাবেক বিদ্যুৎ সচিব ড. তৌফিক-ই ইলাহীর জামিনের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলার অন্যতম আসামি তৌফিক ইলাহীকে গত ৩ ফেব্র"য়ারি হাইকোর্ট জামিন দেয়। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন পরদিন আপিল আবেদন করলে আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে তা পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠায়।
প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আপিল আবেদন খারিজ করে দেয়।
আদালতের আদেশের পর ড. তৌফিকের কৌঁসুলি ব্যারিস্টার রফিক-উল হক সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধে ড. তৌফিকের অবদানের কথা বিবেচনা করে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছিল। আপিল বিভাগ সরকার পক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশই বহাল রেখেছে।
আপিল শুনানিতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন ছিলেন অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া।
শেখ হাসিনা ও ড. তৌফিক-ই ইলাহীসহ আট জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এসএম সাব্বির হাসান।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন।
এতে অভিযোগ করা হয়, ভাসমান বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিু দরদাতা হলেও তাদের কাজটি দেওয়া হয়নি। আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়া হয়।
গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তৌফিক-ই ইলাহী গত ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত বছরের ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভূক্ত করা হয়। ১০ জানুয়ারি মামলার অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমানে সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানি চলছে। বুধবার এর তারিখ ধার্য রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24