২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হেলালের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার রায় মঙ্গলবার

কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগ নেতা শেখ হেলালসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় হবে আগামী মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগ নেতা শেখ হেলালসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় হবে আগামী মঙ্গলবার। ঢাকার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবুল কাশেম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুগ্ম মহানগর দায়রা জজ (ষষ্ঠ) আদালতের বিচারক মোহাম্মদ সফিউল আজম ওই মামলার রায় দেবেন। মামলার অপর আসামিরা হলেন, শাহীন চাকলাদার, খোরশেদ আলম, এএইচএম কামাল হোসেন ও মুন্সি সাইদুজ্জামান। এদের মধ্যে মুন্সি সাইদুজ্জামান জামিনে রয়েছেন। শেখ হেলালসহ বাকিরা পলাতক। ঠিকাদার প্রতিষ্ঠান আরসিএল এর প্রকল্প সমন্বয়কারী মমতাজ উদ্দিন ২০০৭ সালের ২১ মে কাফরুল থানায় এ মামলা দায়ের করেন। এতে আসামিদের বিরুদ্ধে এক কোটি দুই লাখ ৪০ হাজার চাঁদাবাজির অভিযোগ আনা হয়। এজাহারে অভিযোগ করা হয়, ২০০০ সালের ৮ মে বাদি মমতাজ উদ্দিন দরপত্রের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের একটি কাজ পান। ওই সময় আসামি সাইদুজ্জামান বাদিকে হুমকি দেন, শেখ হেলালকে চাঁদা না দিলে ওই কাজটি করতে দেওয়া হবে না। বাদি তখন বাধ্য হয়ে ৮৭ লাখ ৯০ হাজার টাকা নগদ এবং বাকি টাকা চেকের মাধ্যমে শেখ হেলাল ও তার সহযোগীদের দেন। মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার পর গত বছরের ৩১ জুলাই শেখ হেলালসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/বিআর/এমআই/১৭৫৩ ঘ.