ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় রয়েছে, তা দূর করতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে নবগঠিত দল কল্যাণ পার্টি।
সোমবার এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, "নির্বাচন নিয়ে দুঃশ্চিন্তা দূর করতে সঠিক মাস ও তারিখ ঘোষণা করুন। তাহলে আর কারও মধ্যে এ নিয়ে সংশয় থাকবে না।"
ভোটার পরিচয়পত্র ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে জরুরি অবস্থা তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান সৈয়দ ইবরাহিম।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দল গোছানোর সুযোগ করে দিতে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা সারাদেশ থেকে তুলে নেওয়া প্রয়োজন।
সৈয়দ ইবরাহিম বলেন, "১১ জানুয়ারির ঘটনা অনিবার্য ও অপরিহার্য ছিল। বর্তমান সরকারের বহুবিধ সাফল্যের পাশাপাশি কিছু ব্যর্থতাও আছে। সে সব ব্যর্থতার অজুহাতে ১১ জানুয়ারির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলা সমাচীন হবে না।"
বর্তমান সরকারের দায় সরকারকেই নিতে হবে উল্লেখ করে কল্যাণ পার্টি চেয়ারম্যান বলেন,"কোনও অবস্থায় দেশপ্রেমিক সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো যাবে না।"
বন্ধ হওয়া পাট শিল্পের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানান তিনি।
পুরানা পল্টনে কল্যাণ পার্টির অস্থায়ী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব আবুল কালাম আজাদ, মহানগর আহবায়ক সাদেক আহমেদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক, কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর সাইদুর রহমান সাঈদ, দেলোয়ার মুন্সি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএ/১৫২২ ঘ.
bdnews24