ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) --জাতীয় সরকারের কথা বলে ধূম্রজালের সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
শনিবার ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জিল্লুর রহমান এ অভিযোগ করে আরো বলেন," জাতীয় সরকার একটা ভূয়া জিনিষ। সংবিধানে জাতীয় সরকারের কোনো সুযোগ নেই।"
নির্বাচনের কোনো বিকল্প নেই মন্তব্য করে জিল্লুর রহমান বলেন, "সকল সমস্যার সমাধান এখন নির্বাচন। দরকার হলে পুরনো ভোটার তালিকা 'আপডেট' করেই যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত।"
জিল্লুর রহমান বলেন,"এখন জাতীয় সরকারের কথা বলা হচ্ছে। কিন্তু, কাকে নিয়ে জাতীয় সরকার করা হবে। আমরা সবচেয়ে বড় দল। আমরাই তো জাতীয় সরকারে যাবো না।"
শনিবার বিকালে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে গুলশানের নিজ বাসভবনে মতবিনিময় করছিলেন জিল্লুর রহমান।
অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক নেতারা অভিযোগ করেন , সংগঠনকে নেতৃত্বশুন্য ও দুর্বল করার জন্যই বয়সের সীমারেখা দিয়ে তাদের বাদ দিয়ে ছাত্রলীগের নতুন কমিটি করা হয়েছে। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী ও কর্মকর্তাদের কাউকে কাউকে 'হাওয়া ভবনের এজেন্ট' আখ্যা দিয়ে তারা দাবি করেন, ঐসব ব্যক্তি ষড়যন্ত্রের অংশ হিসাবে আওয়ামী লীগ সভানেত্রীকে ভুল পথে পরিচালিত করেছিলেন। এখনো তারা দলে রয়েছে দাবি করে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যও ছাত্রলীগ নেতারা জিল্লুর রহমানকে অনুরোধ করেন।
ভারপ্রাপ্ত সভাপতি তাদের বলেন,"দু'বছর আগের সম্মেলন প্রশ্নবিদ্ধ হয়ে আছে। এটা আমি অস্বীকার করবো না। আপনাদের সমস্যা আমি আগামী কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা করবো।"
সমস্যা সমাধানে ছাত্রলীগের সাবেক নেতাদের বক্তব্য লিখিত আকারে চেয়ে জিল্লুর রহমান বলেন,"আমরা কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা একটা লক্ষ্য নিয়ে রাজনীতি করি। একটা সম্মেলন হয়ে গেছে তাই বলে আপনাদের মূল্য তো কমে যায়নি। অতীতের কথা বাদ দিয়ে কিভাবে নেত্রীকে বের করে আনা যায় সেটাই এখন চিন্তা করতে হবে।"
জিল্লুর আরো বলেন,"ঐক্যবদ্ধ অবস্থায় থাকলে কেউ আওয়ামী লীগের সঙ্গে পারবে না। নেত্রী ইনশাল্লাহ বেরিয়ে আসবেন। তিনি নিশ্চয়ই আপনাদের (ছাত্রলীগের সাবেক নেতা) একটা ব্যবস্থা করবেন।"
নির্বাচনের প্রচারণার জন্য কমপক্ষে চারমাস সময়ের প্রয়োজন দাবি করে জ্যেষ্ঠ এ আওয়ামী লীগ নেতা বলেন, সেজন্য আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করলে তা সম্ভব হবে না।
এর আগে ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে রফিকুল ইসলাম কোতোয়াল প্রথম বক্তব্য রাখেন। তিনি বলেন,"পুরো দেশে প্রায় ২০ হাজার ছেলে এখনো পদবিহীন অবস্থায় রয়েছে। তাদেরকে দলের যে কোনো কর্মসুচিতে সম্পৃক্ত করা যায়।"
এরপর কেন্দ্রীয় নেতাদের কথা না বলার অনুরোধ সত্ত্বেও বক্তব্য দেন এবিএম মাজহার আনাম। উপস্থিত ছাত্রলীগের সাবেক নেতারা তাকে কথা বলার জন্য অনুরোধ করেন। মাজহার আনাম বলেন,"বয়সের সীমারেখা বেধে ষড়যন্ত্র করে ছাত্রলীগকে ধ্বংস করা হয়েছে। যারা উড়ে এসে জুড়ে বসেছিলেন তারাই হাওয়া ভবনের টাকা খেয়ে নেত্রীকে ভুল পথে পরিচালিত করেছিলেন। এখন আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারিনা। "
সাবেক সদস্য এসএম আতিকুল আলম জুয়েলও প্রায় জোর করেই বক্তব্য দেন । তিনি বলেন,"যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে লিয়াকত-বাবু কমিটিতে রাখা হয়নি। ভেবেছিলাম পরের কমিটিতে আমাকে রাখা হবে। কিন্তু, বর্তমান সভাপতি আমার এসএসসি'র সার্টিফিকেট আটকে রেখেছেন। আমি আইনে ভর্তি হতে পারছি না।"
ছাত্রলীগের বর্তমান কমিটিতে ১১৪ জন সহ-সভাপতি রয়েছেন উল্লেখ করে জুয়েল বলেন, "সহ-সভাপতি নিয়োগের চিঠি বিক্রি করা হয়েছে।" জুয়েল ছাত্রলীগের বর্তমান কমিটির অর্ধেকই শিবিরের সদস্য বলে দাবি করলে ছাত্রলীগের সাবেক নেতাদের প্রায় সবাই তার বক্তব্য সমর্থন করেন।
এরপর হেমায়েতউদ্দিন এবং ইশতিয়াক আহমেদ শিমুল বক্তব্য দিতে গিয়ে ব্যর্থ হন। ছাত্রলীগের সাবেক সদস্য মাহফুজুর রহমান বলেন,"আমরা ১৪/১৫ বছর ধরে ছাত্রলীগ করবো। কিন্তু, এখন কোনো কথা বলতে পারবো না ?"
পরিস্থিতি শান্ত করতে এসময় বক্তব্য দিতে দাঁড়িয়ে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। তিনি বলেন,"আমি ছাত্রলীগের সভাপতির পদ ছাড়ার পর আট বছর পদবিহীন অবস্থায় ছিলাম। তোমরা তোমাদের সমস্যার কথা নেত্রীর কাছে বললে উনি একটা ব্যবস্থা করতে পারতেন।"
এসময়, উপস্থিত ছাত্রলীগের সাবেক সদস্যদের একজন বলে ওঠেন,"তখন আওলাদ (শেখ হাসিনার ব্যক্তিগত সচিব ড.আওলাদ হোসেন) আর শিখরের (ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর) জন্য নেত্রীর কাছেই ভিড়তে পারিনি।"
এরপর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন,"ঠিকমতো সম্মেলন হলে এখন এখানে ছাত্রলীগের দশজন সাবেক সভাপতি থাকতেন। আপনাদের সঙ্গে কেন এরকম করা হলো তা আমাদের বা কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে করা হয়নি। আমরা বাইরে থেকে শুনেছি। আমরা কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আপনাদের রাজনীতির বয়স এখনো শেষ হয়ে যায়নি। সবাই কথা বলে আমরা একটা উপায় হয়তো বের করতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০২৬ঘ.
bdnews24